মহিতুলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে টি আই এম মহিতুল গনিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন। একই সঙ্গে মহিতুলের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত ও পরে এর বিরুদ্ধে করা আপিল খারিজের আদেশের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রার্থিতা বাতিল ও খারিজ আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। নির্বাচন কমিশনসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২৩ ডিসেম্বর আবদুর রাজ্জাকের মৃত্যুর পর শরীয়তপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ১৫ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপনির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুর রাজ্জাকের ছেলে নাহিমকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আইন অনুযায়ী বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় ১৯ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন মহিতুল। ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখে। এ নিয়ে মহিতুল গনি হাইকোর্টে রিট আবেদন করেন। গতকাল বিকেলে রিটের শুনানি হয়। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও জাকির হোসেন ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।আমাদের শরীয়তপুর প্রতিনিধি জানান, আদেশের পর মহিতুল গনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন অন্যায়ভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত আছি।’ আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক মুঠোফোনে বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সব ধরনের প্রস্তুতি আমার রয়েছে।’