মহিতোষের বিরুদ্ধে অনেক অভিযোগ
গত বুধবার রাতে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে মারধরের অভিযোগে নতুন করে আলোচনায় এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় ওরফে টিটু। তবে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, সাংবাদিককে মারধরের অভিযোগ মহিতোষের বিরুদ্ধে এবারই প্রথম নয়। আগের অভিযোগের বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
সর্বশেষ বুধবার রাত ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের আট-নয়জন কর্মী মহিতোষের নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে মারধর করেন। শফিকুল সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ছাত্র এবং ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহসাধারণ সম্পাদক। এদিকে সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানান প্রক্টর তপন কুমার সাহা।
মহিতোষ ইতিহাস বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে বিএনসিসি সদস্য আফজাল জাহান ইমরান ও সাংবাদিক নাহিদুর রহমানকে মারধর করেন মহিতোষ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে ছয় মাসের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। কিন্তু পরে তাঁর শাস্তি মওকুফ করা হয়।
গত ১১ মার্চ মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে মহিতোষের বিরুদ্ধে। ওই দিন রাতে প্রাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান হলের ‘গণরুম’ পরিদর্শনে গেলে মহিতোষসহ কয়েকজন তাঁকে গালাগাল করেন। এ ঘটনায় ১২ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সভা করে হল প্রশাসন। সভায় লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হল প্রশাসন থেকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয়।
জানতে চাইলে মহিতোষ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কারও সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা হয়নি। বারবার অন্যের ঝামেলায় আমি পড়ে গেছি। তবে সাংবাদিক মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমি এ জন্য দুঃখিত।’
উপ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, ‘তাঁর (মহিতোষ) বিরুদ্ধে আগের অভিযোগগুলো সম্পর্কে আমরা অবগত। প্রক্টরিয়াল বডি এ বিষয়গুলো নিয়ে কাজ করছে।’