মহিবুরের মৃত্যুদণ্ড, মজিবুর ও রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের মহিবুর রহমানকে (৬৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মহিবুরের সহোদর মজিবুর রহমান (৬০) এবং চাচাতো ভাই আবদুর রাজ্জাককে (৬৩) আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, সৈয়দ হায়দার আলী, সুলতান মাহমুদ, রেজিয়া সুলতানা প্রমুখ। আসামিপক্ষে ছিলেন পারভেজ হোসেন ও মাসুদ রানা।
আসামির কাঠগড়ায় তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগ একাত্তরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মুক্তিযোদ্ধা আকল আলী ও রজব আলীকে হত্যা করে লাশ গুম করার দায়ে মহিবুরকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। একই অপরাধে মজিবুর ও রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাকি তিনটি অভিযোগে তিন আসামিকে মোট ৩৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে দ্বিতীয় অভিযোগ ছিল, একাত্তরে মুক্তিযুদ্ধের সংগঠক মেজর জেনারেল এম এ রবের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালান আসামিরা। এই অভিযোগে তাঁদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
তৃতীয় অভিযোগ ছিল, হবিগঞ্জের খাগাউড়ার উত্তরপাড়ায় আসামিদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা দুই নারীকে ধর্ষণ করে। এই অভিযোগে তিনজনকেই ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আনছার আলী নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে আটক রেখে নির্যাতনের চতুর্থ অভিযোগে তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গত বছরের ২৯ সেপ্টেম্বর এই তিন আসামির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করার মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়। ২১ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১২ জন। আসামিপক্ষে সাক্ষ্য দেন সাতজন। গত ১০ মে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়। ১১ মে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
রায়ের পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, এই রায়ের ফলে তিন আসামি রাজাকার হিসেবে প্রমাণিত। তবে আসামিপক্ষের আইনজীবী মাসুদ রানা বলেন, আসামিরা ন্যায়বিচার পাননি। রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষী ধর্ষণের অভিযোগে আবদুর রাজ্জাকের নাম বলেননি। পূর্ণাঙ্গ রায় বিশ্লেষণ করে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।
রাষ্ট্রপক্ষ বলেছে, আসামিদের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তাঁর ভাই মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ওই ইউপির বর্তমান চেয়ারম্যান। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি এই দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্জাক গ্রেপ্তার হন গত বছরের ১৯ মে। তাঁদের তিনজনকে গতকাল কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।