মহিলা অধিদপ্তরের একটি প্রকল্পের ৩৭ কর্মকর্তার নিয়োগসংক্রান্ত নথি গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা অধিদপ্তরের সহকারী পরিচালক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পদে অবসরপ্রাপ্ত ও কর্মরত ৩৭ জনের প্রশাসনিক নিয়োগসংক্রান্ত নথি গায়েব হয়ে গেছে। ফলে প্রথম শ্রেণীর তিনজন ও দ্বিতীয় শ্রেণীর ৩৫ জন কর্মকর্তার চাকরি নিয়মিতকরণ না হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।প্রথম শ্রেণীর তিনজনের মধ্যে একজনের নিয়োগ নথি অধিদপ্তরেই খুঁজে পাওয়া গেছে। তবে অন্যদের নিয়মিতকরণ না হওয়ায় এই একজনের নিয়মিতকরণও আটকে আছে। নিয়মিতকরণের জন্য সরকারি কর্মকমিশনের পক্ষ থেকে নিয়োগসংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।নথি হারানো কর্মকর্তারা তত্কালীন বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত ‘জনসংখ্যা কার্যক্রমের জন্য মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ’ উন্নয়ন প্রকল্পে ১৯৭৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিয়োগ পান। প্রকল্পটি শেষ হয় ১৯৯৯ সালে।গত বছরের ১০ ফেব্রুয়ারি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়মিতকরণের জন্য ৩৮ জন কর্মকর্তার কাগজপত্র পাঠানো হয়। নিয়োগসংক্রান্ত নথি না থাকায় তা অধিদপ্তরে ফেরত পাঠানো হয়।মহিলা অধিদপ্তর থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনায় ভুক্তভোগী ও অধিদপ্তরের অন্য কর্মকর্তারাও অবাক হয়েছেন। জানা গেছে, মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে চাকরির নিয়োগ হওয়ার শর্তে অধিদপ্তর থেকে প্রকল্পের প্রথম শ্রেণীর একজন, দ্বিতীয় শ্রেণীর ২৫ জনসহ মোট ২৬ জনের নিয়োগসংক্রান্ত নথি গায়েব হয়েছে। অন্যদের নথি মন্ত্রণালয় থেকে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া আনুষঙ্গিক কিছু কাগজপত্রও অধিদপ্তরে পাওয়া যাচ্ছে না।২০০৬-০৭ অর্থবছর থেকে রাজস্ব খাতে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন এই কর্মকর্তারা। ২০০৪ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৯ সাল থেকে প্রকল্পের ৪২৮টি পদ রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। পরে জনবল পদায়ন বিষয়ে মোট ২৭টি সভায় কর্মকর্তা-কর্মচারীদের সব কাগজপত্র যাচাই-বাছাই করে ৪১৩ জনের সবকিছু ঠিক আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে নিয়োগ নথিসংক্রান্ত ঝামেলা না থাকলেও প্রথম দফায় ২০০৮ সালে চাকরি নিয়মিতকরণের পর দীর্ঘদিনেও এ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১২০ জনের চাকরি নিয়মিতকরণ হয়নি।ভুক্তভোগীরা জানান, চাকরি নিয়মিতকরণ না হওয়ায় অবসর গ্রহণকারীরা কোনো সুবিধা পাচ্ছেন না। অনেকে মারা যাওয়ায় তাঁদের পরিবারকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। যেসব কর্মকর্তার চাকরির বয়স আছে, তাঁরা শুধু বেতন ছাড়া আর কোনো সুবিধা পাচ্ছেন না। এমনকি ২০০১ সালে যোগ দেওয়া কর্মকর্তাদের চেয়েও তাঁরা জুনিয়র হয়ে গেছেন। ভুক্তভোগীরা গত ১৫ ডিসেম্বর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন।এ ছাড়া গত ২৫ জানুয়ারি অধিদপ্তরের পরিচালক বরাবর নথি গায়েব প্রসঙ্গে চিঠি দেওয়া হয়েছে।অধিদপ্তরের পরিচালক নিজাম উদ্দিন আল-হোসাইনী প্রথম আলোকে এই নিয়োগ নথি গায়েবের সত্যতার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে সভা করা হয়েছে। প্রকল্পের অফিস সহকারী লুত্ফর রহমান, হিসাব সহকারী কদম আলীসহ কয়েকজনকে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।২০০৭ সালে সহকারী পরিচালক পদ থেকে অবসরে যাওয়া প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা জয়পদ বালা মাত্র দুই মাস আগে জানতে পেরেছেন, তাঁর নথি হারিয়ে গেছে। তিনি প্রকল্পের সহকারী পরিচালক শারমিন শাহীনের কাছে তাঁর নথি রাখতে দিয়েছিলেন। শারমিন শাহীন তা কদম আলীর কাছে রাখতে দেন বলে জানিয়েছিলেন। বর্তমানে তা পাওয়া যাচ্ছে না।কর্মকর্তারা অভিযোগ করেন, প্রকল্পের শুরু থেকে অফিস সহকারীর দায়িত্ব পালন করা মো. লুত্ফর রহমান খান সব নথি রক্ষণাবেক্ষণ করতেন। তিনি নথি কাকে বুঝিয়ে দিয়েছেন বা নথি কোথায় আছে, তা জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তর বরাবর আবেদন জানিয়েছেন কর্মকর্তারা।বর্তমানে অধিদপ্তরের প্রশাসন-২ শাখায় অফিস সহকারী হিসেবে কর্মরত লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়োগসংক্রান্ত নথি কেন পাওয়া যাবে না, তা আমারও প্রশ্ন।’ তিনি জানান, ২০০৪ সালের দিকে তিনি প্রকল্প থেকে চলে আসার সময় সব কাগজপত্র রেখে এসেছেন।অধিদপ্তরের বর্তমান সহকারী পরিচালক (প্রশাসন) শারমিন শাহীন এ বিষয়ে কথা বলতে রাজি হননি। কদম আলী জানান, শারমিন শাহীন জয়পদ বালার নথি রাখতে তাঁর কাছে দেননি। প্রকৌশলী সামসুদ্দিন আহমেদের নথি রাখতে দেন এবং পরে আবার তা নিয়ে যান।