মহিলাবিষয়ক অধিদপ্তরের ৪২৬টি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও ৬৮টি প্রোগ্রাম অফিসার পদে কর্মরত কর্মকর্তারা এখন পর্যন্ত দশম গ্রেডে আছেন, যা আগে দ্বিতীয় শ্রেণি ছিল। তবে অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগের মাঠপর্যায়ের সমান যোগ্যতার কর্মকর্তারা আগে প্রথম শ্রেণির মর্যাদা পেয়েছেন, এখন নবম গ্রেডে আছেন। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তাঁরা বৈষম্যের শিকার।
সরকারের অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর দুটি পদের ক্ষেত্রে ভাষার পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে প্রথম শ্রেণিতে যাওয়ার কথা বলা হতো, এখন সেখানে বলা হচ্ছে নবম গ্রেডে যাওয়ার কথা।
অন্যদিকে ৬৪টি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদটি প্রথম শ্রেণির। পদটিকে আপগ্রেড করে উপপরিচালক করার দাবি দীর্ঘদিনের। তবে আগের দুটি পদকে প্রথম শ্রেণির এবং পরে পদকে আপগ্রেড করে উপপরিচালক করার দাবি জানাতে জানাতেই অনেকে অবসরে চলে গেছেন। অনেকে অবসরে যাওয়ার পথে।
এই তিনটি পদে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা শুধু নিজেদের হতাশার কথাই বলেছেন। ১৯৮৬ সালের পর থেকে তাঁদের পদ আপগ্রেড হচ্ছে—এমন আশ্বাস তাঁরা পেয়ে আসছেন বহু বছর ধরে। এই অধিদপ্তরের এই নারী কর্মীরাই নারীবিষয়ক কাজগুলো দেখভাল করছেন। তবে তাঁদের বিষয়গুলো দেখার কেউ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বলেন, ‘১৯৯৪ সাল থেকে আমি এ পদে কাজ করছি। এখন পর্যন্ত পদোন্নতি হয়নি। আমাদের পদটিকে প্রথম শ্রেণি করা হবে—এমন কথা কাজে যোগ দেওয়ার পর থেকেই শুনছি। শুধু আমি কেন, আমার আগে যাঁরা কাজে যোগ দিয়ে অবসরে চলে গেছেন, তাঁরাও শুনেছেন। কথাটি ভাবলেই এখন লজ্জা লাগে।’
এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তিনটি পদের নথি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে তা অর্থমন্ত্রীর কাছে আছে। অর্থমন্ত্রী বলেছেন, কোনো পদে শ্রেণি বিভাজন করা হবে না। তাই দুটি পদের ক্ষেত্রে প্রথম শ্রেণির পরিবর্তে নবম গ্রেডের কথা বলা হচ্ছে। বিষয়গুলো প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়েছে।’
জেলা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি রওশন জাহান আফরোজ প্রথম আলোকে বলেন, পদগুলোকে আপগ্রেড করা হলে কর্মরত কর্মকর্তাদের তেমন কোনো আর্থিক সুবিধা বাড়বে না। কেননা, বেশির ভাগ কর্মকর্তার প্রায় অবসরে যাওয়ার সময় হয়ে গেছে। তবে বিষয়টি সম্মানের সঙ্গে জড়িত। জেলা ও উপজেলা পর্যায়ে সভা বা বিভিন্ন কর্মসূচিতে মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত প্রতিনিধিত্ব করেন। পদের কারণে তাঁরা সামনের আসনে বসতে পারেন না।
ঢাকা জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা ও কল্যাণ পরিষদের সভাপতি রওশন জাহান আফরোজ আরও বলেন, জেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপপরিচালক হয়ে গেছেন। অন্যদিকে মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাই রয়ে গেছেন। অথচ যোগ্যতা বা কাজ তাঁদের কম নয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, এই তিনটি পদ আপগ্রেডের বিষয়টি নিয়ে জাতীয় সংসদে মহিলা ও শিশু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকেও বহুবার আলোচনায় এসেছে। ভুক্তভোগী কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়েও গিয়েছেন। এখন তাকিয়ে আছেন অর্থমন্ত্রীর দিকে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘এ সমস্যার সমাধানে একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। যতটুকু জানি, এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি।’ বৈষম্য থাকার ফলে মাঠপর্যায়ে মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের অন্য কর্মকর্তারা পাত্তাই দিতে চান না বলে তিনি মন্তব্য করেন।
মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক এ বি এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘পদ উন্নীতকরণের ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে। আমরা আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।’