মহিলা অধিদপ্তরের ১৫জন পেলেন রত্নগর্ভা সম্মাননা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে যেসব মায়ের সন্তানরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এমন ১৫ জন মাকে ‘রত্নগর্ভা’ সম্মাননা জানানো হয়েছে। তাঁদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, সনদ ও ১ হাজার ৫০০ টাকার প্রাইজবন্ড তুলে দেওয়া হয়েছে। এই মায়েদের সন্তানদের কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক, কেউ ব্যাংক কর্মকর্তা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আজ রোববার রাজধানীর ইস্কাটনে মা দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম ও কয়েকজন রত্নগর্ভা মা।
রত্নগর্ভা সম্মাননা পেলেন অধিদপ্তরের নূরজাহান বেগম, মালেকা সামসাদ, মমতাজ বেগম, আনিতা গাঙ্গুলি, জায়েদা বেগম, জরিনা বেগম, আছুরা বেগম, সুলতানা খাতুন, জেসমিন আরা বেগম, স্মৃতিরানী সাহা, লায়লা হাসনা জাহান, মীরা ভট্টাচার্য, বেগম শামসুন নাহার এবং আয়েশা বেগম।