মহিলা ওয়ার্ড কমিশনারসহ চারজন গ্রেপ্তার
রাজধানীতে সড়ক অবরোধ করে মিছিল করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার দুপুরে এক মহিলা কমিশনারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পল্লবী ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের মহিলা কমিশনার ও বিএনপির নেত্রী বেগম মেহেরুন্নেছা (৫৭), জাতীয়তাবাদী মহিলা দল পল্লবী শাখার সাংগঠনিক সম্পাদক মিলি জাকারিয়া (৪১), ফজলুল হক (৩২) ও শাহ আলম (২৭)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর আড়াইটার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার সড়ক অবরোধ করে হরতালের সমর্থনে শতাধিক নারী-পুরুষ মিছিল করছিলেন। পুলিশ তাঁদের সড়কের এক পাশ দিয়ে মিছিল করতে বললে পুলিশের সঙ্গে তাঁরা বাগিবতণ্ডা শুরু করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে রাস্তা অবরোধ করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়।