মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচারণাও চলছে সমান তালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের (পুরুষ) পাশাপাশি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে। বরং কোথাও কোথাও এসব মহিলা প্রার্থীর প্রচারণায় বেছে নিতে দেখা গেছে ভিন্ন কৌশল।
গত তিন দিনে পৌরসভার নয়টি ওয়ার্ড ঘুরে মহিলা কাউন্সিলরদের ভোট চাওয়ার বিভিন্ন ধরন চোখে পড়ে। তাঁরা কেউ প্রতিবেশী একাধিক নারীকে সম্মানীর বিনিময়ে পালাক্রমে সঙ্গে নিয়ে প্রচারণায় বের হচ্ছেন, কেউ দূর-দূরান্ত থেকে নারী আত্মীয়স্বজনকে দাওয়াত করে বাড়িতে এনে রেখেছেন এবং তাঁদের সঙ্গে নিয়ে দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। মহিলা প্রার্থীদের সঙ্গী হচ্ছেন তাঁদের ছেলে, মেয়ে, ভাই, ভাতিজা কিংবা শ্বশুরবাড়ির লোকজন। ভোটারদের বাড়ি যাওয়ার পথে সামনে কাউকে পেলেই তাঁর হাতেও ধরিয়ে দিচ্ছেন একটি লিফলেট। আর সঙ্গের নারীরা ওই ব্যক্তির কাছে তাঁদের প্রার্থীর মার্কায় ভোট দিতে অনুরোধ জানাচ্ছেন।
সংরক্ষিত আসনের একজন প্রার্থীর এলাকা সাধারণ কাউন্সিলর প্রার্থীর চেয়ে বেশ বড়। তবু মহিলা প্রার্থীরা প্রত্যেক ভোটারের বাড়ি যাচ্ছেন। শুধু একবার নয়, একেকটি বাড়িতে একজন প্রার্থী একাধিকবার করেও যাচ্ছেন বলে জানান ভোটাররা।
২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হাসিনা বানু। গতকাল ভোট চাইতে যাওয়ার পথে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমি এর আগেও ভোটে দাঁড়িয়েছি। এই সংরক্ষিত ওয়ার্ড অনেক বড় এলাকা। আমি আমার কয়েকজন আত্মীয়কে বাড়িতে নিয়ে এসেছি। তাঁদের সঙ্গে নিয়ে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছি। আশা করি এবার নির্বাচিত হব।’
ভ্যানিটি ব্যাগ মার্কা নিয়ে ১ নম্বর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ভোট করছেন বর্তমান কাউন্সিলর সাহেবা বেগম। তিনি বলেন, ‘প্রতিদিন কমপক্ষে ১০০ বাড়িতে গিয়ে ভোট চাইতে আমার ২০-২৫ মাইল পথ হাঁটা হয়। এখন সয়ে গেছে। কয়েকজন প্রতিবেশী নারীকে সঙ্গে নেই। ভাই-ভাতিজাদের দিয়ে পোস্টার সাঁটিয়েছি। আমার স্বামীও সাহায্য করছেন।’
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভায় আসন্ন নির্বাচনে নয়টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের তিনটি কাউন্সিলর পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে চারজন এবং ৩ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থী রয়েছেন। তিনটি সাধারণ ওয়ার্ড মিলে একটি সংরক্ষিত ওয়ার্ড হওয়ায় নির্বাচনে প্রচারণা চালিয়ে যেতে সংরক্ষিত আসনের প্রার্থীদের পরিশ্রমটা হচ্ছে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের তুলনায় প্রায় তিন গুণ।
১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন আফরোজা আক্তার, সাহেবা বেগম ও রেহেনা বেগম। সাহেবা বেগম এ ওয়ার্ডের গতবারের নির্বাচিত মহিলা কাউন্সিলর। ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বর্তমানের মহিলা কাউন্সিলর জরিনা বেগম, সামসুন্নাহার, খতেজা বেগম ও হাসিনা বানু। ৩ নম্বর ওয়ার্ডে আছেন সাহেবা খাতুন, সেলিনা খাতুন এবং এ ওয়ার্ডের গতবারের নির্বাচিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম।