মহিলা কাউন্সিলরকে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান
রংপুরের বদরগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম (৩৫) ও তাঁর স্বামী সহকারী শিক্ষক জহুরুল হককে (৪২) গত সোমবার এক ইউপি চেয়ারম্যান ও তাঁর সমর্থকেরা নির্দয়ভাবে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সোমবার দুপুরে বদরগঞ্জ পৌরসভার কলেজিয়েট হাইস্কুলের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের পক্ষে পৌর কাউন্সিলর ফেরদৌসী বেগম এবং জাতীয় পার্টি-সমর্থিত প্যানেলের পক্ষে উপজেলার কালুপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সদস্য শহিদুল হক অবস্থান নেন। দুপুরে ভোট চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষই মারামারিতে লিপ্ত হন। এ সময় মহিলা কাউন্সিলরকে বেদম পেটানো হয়। আহত ব্যক্তিদের ওই দিন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।কাউন্সিলর ফেরদৌসী বেগম বলেন, ‘আমার ওয়ার্ডের ওই বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন চলাকালে আমি তা দেখতে যাই। এ সময় একজন ভোটারের সঙ্গে ওই চেয়ারম্যানের কথা-কাটাকাটি শুরু হলে তা থামানোর চেষ্টা করি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তাঁর সমর্থকেরা আমাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আমাকে বাঁচাতে আমার স্বামী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।’ শহিদুল হক বলেন, ‘ওই মহিলা এক ভোটারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে আমি তাঁকে নিবৃত্ত হতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে জুতা তোলেন। এটা দেখে জনগণই তাঁর প্রতি ক্ষিপ্ত হন। আমি তাঁর গায়ে হাত তুলিনি।’বদরগঞ্জ থানার ওসি বলেন, উভয় পক্ষের অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।