মহিলা দলের কর্মী সমাবেশে ১৪৪ ধারা, ঝাড়ু মিছিল
জামালপুর জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী জেলা মহিলা দলের একটি পক্ষ স্থান পরিবর্তন করে অন্য স্থানে কর্মী সমাবেশ করেছে। অপরদিকে মহিলা দলের বিক্ষুব্ধ একটি অংশ বিকেলে শহরের স্টেশন রোডে ঝাড়ু মিছিল করেছে। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী জেলা মহিলা দলের নেত্রী আক্তার জাহান ও রোকসানা রহমানের মধ্যে জেলা কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। আক্তার জাহান পক্ষ গতকাল সকাল সাড়ে ১০টায় জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সমাবেশ ডাকে। ওই কর্মসূচি বানচাল করতে রোকসানা রহমানও একই স্থানে পাল্টা কর্মী সমাবেশ ডাকেন। গত সোমবার রাতে তাঁরা শহরের বিভিন্ন স্থানে প্রচারণাও চালান। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম আবদুল করিম গতকাল সকাল ১০টা থেকে আগামীকাল (বুধবার) ভোর ছয়টা পর্যন্ত ওই কর্মী সমাবেশস্থল এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারি হওয়ার কারণে আক্তার জাহান পক্ষ গতকাল বিকেলে পূর্বনির্ধারিত সমাবেশস্থল থেকে অনেক দূরে শহরের সরদারপাড়ায় কর্মী সমাবেশ করেছে। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাহিদা আক্তার রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার ও সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাবেয়া সিরাজ, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাংসদ রাশেদা আক্তার প্রমুখ। পরে সাহিদা আক্তার রিতাকে সভাপতি ও আক্তার জাহানকে সাধারণ সম্পাদক করে মহিলা দলের জেলা কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে রোকসানা রহমানের নেতৃত্বে মহিলা দলের বিক্ষুব্ধ অংশের শতাধিক নারীকর্মী গতকাল বিকেল চারটার দিকে শহরের স্টেশন রোড থেকে বকুলতলা মোড় পর্যন্ত ঝাড়ু মিছিল করে তাঁদের বাদ দিয়ে কমিটি গঠনের তীব্র নিন্দা জানিয়েছেন।