মহিলা দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ নূর-ই-আরা-সাফাকে সভানেত্রী ও শিরীন সুলতানাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। একই সঙ্গে সুলতানা আহমেদকে সভানেত্রী ও ফরিদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে মহিলা দলের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দুটি কমিটি অনুমোদন করেছেন। উভয় কমিটিতেই ৩৫১ জন করে সদস্য রয়েছেন। গতকাল সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।নতুন কমিটির কয়েকজন সদস্য বলেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হতে পারে। কিন্তু এ ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হয়েছে। একই সঙ্গে তাঁরা এ কমিটিতে বিএনপির কয়েকজন নেতার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের অন্তর্ভুক্তিতেও বিস্ময় প্রকাশ করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নতুন কমিটিতে সহসভানেত্রী হয়েছেন। মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে ড. দেলওয়ারা বেগম কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদিকা হিসেবে মনোনীত হন। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের মেয়ে তামান্না ফারুক দিমা প্রচার সম্পাদক এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। নতুন কেন্দ্রীয় কমিটিতে ১৬ জন সহসভানেত্রী ও সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।