
আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে ১০ মার্চ ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে জাতীয়তাবাদী মহিলা দল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে সকালে পুলিশের বাধায় আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল।
সংবাদ সম্মেলনে শিরীন সুলতানা দাবি করেন, ৩ মার্চ তাঁরা পুলিশ কমিশনারের কার্যালয় বরাবর শোভাযাত্রার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন। তখন তাঁদের বলা হয়েছিল শোভাযাত্রার দায়-দায়িত্ব মহিলা দলের। আজ পুলিশ বলছে, ট্রাফিক পুলিশের অনুমতি নেই। এ কারণে সমাবেশ বা শোভাযাত্রা করতে দেওয়া হবে না। এ সময় তিনি এ ঘটনার নিন্দাও জানান।
মহিলা দলের শোভাযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা নারী, সেখানে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে পুলিশ যেভাবে বাধা দিল তা নিন্দনীয়। পুলিশ বলেছে, তাদের শোভাযাত্রার অনুমতি নেই। অথচ সাত দিন আগে অনুমতি চাওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টায় বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মহিলা দলের শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। কর্মসূচিতে যোগ দিতে সকাল নয়টা থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকেন। কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসার পথে একটি মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে চারজনকে আটক করে পরে আবার ছেড়ে দেওয়া হয়।

সকাল ১০টার কিছু সময় পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে মহিলা দল শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ কার্যালয়ের মুখে তা আটকে দেয়। এ সময় নারী পুলিশের সঙ্গে মহিলা দলের কর্মীদের ধস্তাধস্তি হয়। এর পর থেকে পুলিশ তাঁদের কার্যালয়ের সামনে আটকে রাখে। তাঁরা ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন।
পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জনজীবন ব্যাহত হয়, এমন কিছু করা যাবে না। মহিলা দলকে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়নি। তারা এ ধরনের কোনো কাগজও দেখাতে পারেনি। তাই তাদের শোভাযাত্রা করতে দেওয়া হয়নি।