মহিলা দলের মিছিলে মোটরসাইকেল তুলে দিল পুলিশ!
রাজধানীর হাতিরঝিল এলাকায় গতকাল রোববার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের মিছিল থেকে ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাবেক সাংসদ ও মহিলা দলের নির্বাহী কমিটির সদস্য শাহিনা খান, তেজগাঁও মহিলা দলের সভানেত্রী ফিরোজা বেগম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও থানা মহিলা দলের যুগ্ম সম্পাদক রোকেয়া সুলতানা, মহিলা দলের সদস্য সৈয়দা হোসনে আরা, সদস্য ফারজানা বেগম ও বিএনপির কর্মী শাকিল হাফিজ খান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে দুপুরে হাতিরঝিল এলাকায় তেজগাঁওয়ের মহিলা দল একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের একজন সদস্য মোটরসাইকেল চালিয়ে মিছিলের ওপর তুলে দেন এবং পিস্তল ঠেকিয়ে তাঁদের আটক করেন।
মহিলা দল অভিযোগ করেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তেজগাঁও জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শাহিনা খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলের ওপর নম্বরবিহীন একটি মোটরসাইকেল উঠিয়ে দেওয়া হয়। তখন মহিলা দলের নেতা-কর্মীরা রাস্তায় পড়ে যান এবং দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। সেখানে নারী পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের পুরুষ সদস্যরা পিস্তল বের করে মহিলা দলের নেতা-কর্মীদের টানাহেঁচড়া করেন। পরে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যানবাহন ভাঙচুর করায় তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।