মহিলা দলের শোভাযাত্রায় পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের করতে পারেনি বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল। গতকাল শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করতে গেলে কার্যালয়ের মুখে পুলিশ আটকে দেয়।

শোভাযাত্রায় বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে জেলায় জেলায় এবং ঢাকায় থানায় থানায় কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে মহিলা দল। অবশ্য পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জনজীবন ব্যাহত হয়, এমন কিছু করা যাবে না। মহিলা দলকে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়নি। তারা অনুমতির কাগজও দেখাতে পারেনি। তাই শোভাযাত্রা করতে দেওয়া হয়নি।

 পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল সাড়ে ১০টায় বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মহিলা দলের শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে যোগ দিতে সকাল নয়টা থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকেন। কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসার পথে একটি মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল ১০টার কিছু সময় পর কেন্দ্রীয় কার্যালয় থেকে মহিলা দল শোভাযাত্রা বের করতে গেলে কার্যালয়ের মুখে তা আটকে দেয় পুলিশ। বাধার মুখে মহিলা দলের কর্মীরা কার্যালয়ের সামনে ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।

পরে এক সংবাদ সম্মেলনে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা বলেন, শোভাযাত্রার অনুমতি চেয়ে তাঁরা গত ৩ মার্চ পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছিলেন। তখন তাঁদের বলা হয়েছিল শোভাযাত্রার দায়দায়িত্ব মহিলা দলের। কিন্তু শনিবার সকালে পুলিশ বলেছে, ট্রাফিক পুলিশের অনুমতি নেই।