মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে ধূমপানে বাধা দেওয়ায় বন্ধুসভার সদস্য ও কলেজছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে বখাটে মাদকসেবী মাহবুবকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানায়।বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন ও সাধারণ সম্পাদক নূরজাহান বেগম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত ২৯ জুন সন্ধ্যায় যানবাহনে ধূমপান না করার অনুরোধ জানালে বখাটে মাহবুব কলেজছাত্রীর প্রতি ক্ষিপ্ত হয় এবং তাকে জনবহুল সড়কে টেনেহিঁচড়ে নামিয়ে লাঞ্ছিত করে। এ সময় অনেক লোক এ ঘটনা দেখলেও কেউ এগিয়ে আসেনি। এমনকি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটের পরিচয় জানার পরও তাকে গ্রেপ্তার করেনি।বরিশাল নাগরিক সমাজের সদস্য-সচিব মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাঘাটে বখাটেদের উৎপাতে মেয়েরা অতিষ্ঠ। বখাটেদের ভয়ে কেউ মুখ খোলে না। সেই অবস্থায় এক কলেজছাত্রী যে প্রতিবাদ করেছে, তার জন্য ধন্যবাদ। একই সঙ্গে দোষী মাদকসেবীর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। একইভাবে প্রতিবাদ জানিয়েছে বরিশাল বন্ধুসভা, বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, বিএনডিএন, বরিশাল নাগরিক পরিষদসহ অন্যান্য সংগঠন।