মহিলা পরিষদের অভিজ্ঞতা বিনিময় সভা শুরু
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার থেকে নারী নির্যাতন প্রতিরোধে বিষয়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে সংগঠনের জেলা শাখার নেতাদের সঙ্গে দুই দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা শুরু হয়েছে। ‘নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করুন’ স্লোগান নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ৩৮টি জেলা শাখার ৯৭ জন প্রতিনিধিসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির একটি নতুন মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলন আরও অনেক দূর এগিয়ে নিতে হবে। স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু নারী নির্যাতন প্রতিরোধের আন্দোলনে যেসব বাধার সম্মুখীন হতে হয়, সেগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণের উপায় বের করার আহ্বান জানান।