মহিলা পরিষদের উদ্যোগে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় শাবানা আক্তার নামের এক গৃহবধূকে পুড়িয়ে মারার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহিলা পরিষদ। সমাবেশ শেষে নেতারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেন।জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভার পৌরসভার আড়াপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সাভার মহিলা পরিষদ। মহিলা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি বাড্ডা ভাটপাড়া হয়ে সাভার থানায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে থানার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার সাধারণ সম্পাদক পারভীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার রশীদ, লিগ্যাল এইড সম্পাদক কসকো আসাদ, মহিলা পরিষদ আড়াপাড়া মহল্লার সাধারণ সম্পাদক তমা খন্দকার, আড়াপাড়া বালুর মাঠের সাধারণ সম্পাদক রহিমা বেগম প্রমুখ। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নারীর প্রতি বৈষম্য, নিষ্ঠুরতা, যৌন হয়রানি, নিপীড়নসহ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করেন।গত শুক্রবার রাতে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়ার নাজমুল হোসেনের স্ত্রী শাবানা আক্তারকে পুড়িয়ে মারা হয়। মাত্র দেড় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। এই ঘটনায় শাবানার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে শনিবার রাতে সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় শাবানার স্বামী নাজমুল, শ্বশুর রমজান আলী ও শাশুড়ি নাসিমা বেগমকে আসামি করা হয়। তাঁদের সবাই বর্তমানে জেলহাজতে আছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আংশিক স্বীকার করেছেন।