মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল শনিবার বক্তারা বলেছেন, গত কয়েক দশকে দেশে নারীর আর্থিক সক্ষমতা বেড়েছে, কিন্তু অধিকার প্রতিষ্ঠা হয়নি। নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানির সংখ্যা বেড়েছে। সাম্প্রতিক বাংলা বর্ষবরণের দিন দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতার যে চিত্র দেখা গেছে, তা বর্বরোচিত।
‘নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় চাই তরুণ প্রজন্মের অংশীদারত্বে শক্তিশালী নারী আন্দোলন’-এই স্লোগান নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে মহিলা পরিষদ। ১৯৭০ সালের ৪ এপ্রিল মহিলা পরিষদ প্রতিষ্ঠিত হয়।
গতকাল বিকেলে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। দেশের নারী আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া ও সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া কামালকে স্মরণ করে মোমবাতি জ্বালানো হয়। রবীন্দ্র সংগীত গেয়ে শোনান রোকেয়া সদনের শিক্ষার্থীরা। আবৃত্তি করেন উদীচীর বেলায়েত হোসেন। এরপর শুরু হয় আলোচনা পর্ব।
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের এদেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার মনে করেন, বিশ্বজুড়ে বাল্য বিয়ে নারী অধিকার বাস্তবায়নের অন্যতম বাধা। বাল্য বিয়ে নারীর ভয়াবহ ক্ষতি করে, একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হয়ে ওঠার পথ রুদ্ধ করে।
নারীর মানবাধিকার কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় নয় উল্লেখ করে সুসান হান্টার বলেন, মহিলা পরিষদ বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশা-গোষ্ঠীর মধ্যে নারী আন্দোলনকে ছড়িয়ে দিতে পেরেছে। এ জন্য তিনি মহিলা পরিষদকে অভিনন্দন জানান।
সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর প্রান্তিক অবস্থানের কথা উল্লেখ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। উদাহরণ দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ পর্যায় সিন্ডিকেটে তিনি একমাত্র নারী, তাও পদাধিকার বলে। বাকি ১৯ জনই পুরুষ। সিনেট সদস্যদের মধ্যে মাত্র পাঁচজন নারী। উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিগুলোতে নারীর কোনো অবস্থান নেই। তিনি মনে করেন, এ অবস্থার পরিবর্তন জরুরি।
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতনের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে সাংবাদিক শাহনাজ মুন্নী বলেন, যারা নারীকে বাইরে আসার জন্য বাধা দেয়, তারাই এ ঘটনা ঘটিয়েছে। তিনি মনে করেন, দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা সবাই নারী, এ ধরনের কথা বলে নারী উন্নয়নকে যেন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণাপত্র পড়ে শোনান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্যে কর্মক্ষেত্রে ও প্রাত্যহিক জীবনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন আদিবাসী নারী মুনমুন নকরেক, কৃষক হেনা বেগম, শ্রমিক হ্যাপি রাণী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম। পয়লা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের ভূমিকায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, এ ঘটনাকে কেউ যদি ভিন্ন খাতে চালানোর চেষ্টা করে, দেশের নারী সমাজ তা প্রতিহত করবে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। মালেকা বানু বলেন, নারী আন্দোলনের অর্জন ধরে রাখাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামীর নারী আন্দোলনে নেতৃত্ব দিতে তিনি তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।