মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত একাধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগ-সমর্থিত কোনো প্রার্থী নেই। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পৌর মহিলা লীগের সভানেত্রী আলম আরা জুঁই প্রায় ৬৮ হাজার ভোট পেয়েও পরাজিত হন।
সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের দুই নেত্রী নিলুফা ইয়াসমিন ও শিরিন বানু এবং বর্তমান ভাইস চেয়ারম্যান জামায়াতের মহিলা নেত্রী ফরিদা হুসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের কোনো নেত্রী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
স্থানীয় বিএনপির কাছ থেকে জানা গেছে, জামায়াতের সঙ্গে সমঝোতা হলে বিএনপি-সমর্থিত দুই নেত্রী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। সে ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন জামায়াতের নেত্রী ফরিদা হুসাইন।
আওয়ামী লীগ জানায়, কয়েক সপ্তাহ আগে আলম আরা জুঁইয়ের স্বামী ম. মনিরুজ্জামান মারা যাওয়ায় তিনি এবার প্রার্থী হননি। জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ এম আমিনুল হক বলেন, প্রার্থী দেওয়ার বিষয়ে কেউ তাঁর সঙ্গে আলোচনা করেননি। কয়েকজন নেতা ইচ্ছামতো দল পরিচালনা করেন। তাঁরা বিষয়টি ভালো বলতে পারবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসগর আলী বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।