মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আধিপত্য
তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা সর্বোচ্চ ৩৫টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। একই পদে আওয়ামী লীগ ২৭টি, জামায়াতে ইসলামী পাঁচটি উপজেলায় জয় পেয়েছে।
কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এমন সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) দুজন ও এলডিপির একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গত শনিবার দেশের ৪১টি জেলার ৮১টি উপজেলায় ভোট নেওয়া হয়। নির্বাচনী সহিংসতার কারণে দুটি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত আছে। এ ছাড়া কিশোরগঞ্জের কুলিয়ারচর ও শরীয়তপুর সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় সেখানে ভাইস চেয়ারম্যান পদে এবং লক্ষ্মীপুরের কমলনগর ও চাঁদপুরের হাজীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফল পাওয়া যায়নি।
বিএনপির ৩৫ জন: চট্টগ্রামের সীতাকুণ্ডে নাজমুন নাহার চৌধুরী, জামালপুরের দেওয়ানগঞ্জে রোকসানা বেগম, শেরপুরের শ্রীবর্দীতে লিপি বেগম, পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জাহানারা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোছেনা বেগম, কুড়িগ্রামের রৌমারীতে আফছানা রাব্বী, কুমিল্লার হোমনায় শেফালী বেগম, তিতাসে সামিয়া সুলতানা, বুড়িচংয়ে ফারহানা জেসমিন ও ব্রাহ্মণপাড়ায় তাহমিনা হক, কিশোরগঞ্জ সদরে কামরুন ও কুলিয়ারচরে বিলকিস বেগম, ফরিদপুরের চরভদ্রাসনে তানজিনা আক্তার ও সদরপুরে জিনিয়া নাজনীন জয়ী হয়েছেন।
রাজশাহীর গোদাগাড়ীতে রওশন আরা ডলি, চারঘাটে তহমিনা বেগম, ময়মনসিংহের ধোবাউড়ায় নাসিমা খাতুন, ফুলবাড়ীয়ায় মাহবুবা সুলতানা ও ফুলপুরে মনোয়ারা খাতুন, নওগাঁর পোরশায় মমতাজ বেগম, মান্দায় জামিলা আকতার ও ধামইরহাটে মাজেদা বেগম, মানিকগঞ্জের ঘিওরে জ্যোৎস্না শিকদার জয়লাভ করেছেন।
টাঙ্গাইলের ধনবাড়ীতে শিরিন রহমান ও দেলদুয়ারে রেবেকা পারভীন, ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাজমা পারভীন, চুয়াডাঙ্গার দামুড়হুদায় সালমা জাহান, লালমনিরহাটের আদিতমারীতে রোজিনা বেগম, নড়াইলের লোহাগড়ায় সালেহা বেগম, বান্দরবানের আলীকদমে শিরিনা আক্তার, নোয়াখালীর সেনবাগে শাহীন আক্তার কানন, মৌলভীবাজারের বড়লেখায় রাহেনা বেগম, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রেশমাতুল আড়শ ও শিবগঞ্জে সায়মা খাতুন এবং নেত্রকোনার মোহনগঞ্জে কামরুন্নাহার বুলবুল জয়ী হয়েছেন।
আওয়ামী লীগের ২৭: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আফসানা মিমি, নীলফামারী সদরে আরিফা সুলতানা, বাগেরহাট সদরে পারভীন খানম, রামপালে মোসাম্মৎ হোসনে আরা, শরণখোলায় রাহিমা আক্তার, মংলায় কামরুন নাহার ও মোরেলগঞ্জে আজমিন, কুড়িগ্রামের চিলমারীতে মর্জিনা বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামে রাশেদা আখতার, নাঙ্গলকোটে কুলসুম আক্তার জয়ী হয়েছেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে সেলিনা সারোয়ার, ফরিদপুর সদরে ফরিদা ইয়াসমিন, আলফাডাঙ্গায় মনোয়ারা ছালাম, রাজশাহীর দুর্গাপুরে বানেছা বেগম, বরিশালের বাবুগঞ্জে রিফাত জাহান তাপসী ও মুলাদীতে শামীমা নাসরিন, ময়মনসিংহের গৌরীপুরে রাবেয়া আক্তার, জয়পুরহাটের আক্কেলপুরে আছিয়া খানম, দিনাজপুর সদরে হাসমিন লুনা ও নবাবগঞ্জে পারুল বেগম, যশোরের মনিরামপুরে নাজমা খানম, ভোলা সদরে সেতারা বেগম, ফেনীর দাগনভূঞায় শাহেদা আক্তার, শরীয়তপুর সদরে ফাতেমা আক্তার ও নড়িয়ায় নাজমা মোস্তফা, চাঁদপুরের কচুয়ায় সালমা শহীদ এবং নেত্রকোনা সদরে তুহিন আক্তার নির্বাচিত হয়েছেন।
জামায়াতের পাঁচজন: সাতক্ষীরার কালীগঞ্জে জয়নাব পারভীন, ফরিদপুরের মধুখালীতে আসমা খাতুন, খুলনার পাইকগাছায় শাহনারা খাতুন, সিলেটের দক্ষিণ সুরমায় শামীম আরা পান্না ও চাঁপাইনবাবগঞ্জের সদরে ইয়াসমিন আরা বেগম জয়ী হয়েছেন।
অন্যান্য দলের তিনজন জয়ী: চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির শাহনাজ বেগম, রাঙ্গামাটির বরকলে জেএসএসের (সন্তু লারমা) শকুন্তলা চাকমা ও
বান্দরবান সদরে জেএসএসের ওয়াইচিংপ্রু মারমা জয়ী হয়েছেন।
স্বতন্ত্রই সাতজন: গাইবান্ধা সদরে রশিদা বেগম ও সাদুল্যাপুরে আক্তার বানু, কুড়িগ্রাম সদরে আফরোজা বেগম, ফরিদপুরের ভাঙ্গায় মনোয়ারা ভূইয়া, রাঙামাটির কাউখালীতে অ্যানি চাকমা ও বাঘাইছড়িতে সুমিতা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সুনামগঞ্জের জামালগঞ্জে হাফিজা আক্তার নির্বাচিত হয়েছেন।
তবে সবমিলিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীরা অনেক এগিয়ে আছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন শেষে ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ২২৬টি, আওয়ামী লীগ ১৮৪টি, জামায়াত ১০২টি, স্বতন্ত্র ৩৬টি, অন্যান্য রাজনৈতিক দল ২১টি, জাতীয় পার্টি সাতটি এবং আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী সাতটি পদ পেয়েছে।