মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের আগে ভোট
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ নির্বাচনের আগেই আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী বাছাইয়ের জন্য গতকাল শনিবার ভোট নেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো. মজাহারুল হক প্রধান উপস্থিত ছিলেন। সভায় সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। সভায় চেয়ারম্যান পদে মো. আনোয়ার সাদাতকে এবং ভাইস চেয়ারম্যান পদে মো. ফরহাদ হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম ও জোহরা আকতার দলীয় সমর্থন দাবি করেন। পরে ভোটাভুটির মাধ্যমে দল-সমর্থিত প্রার্থী নির্বাচন করা হয়। সুফিয়া খানম ১২৯ ভোট, আর জোহরা আকতার ৫৮ ভোট পান।
মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় সুফিয়া খানম পেশা হিসেবে গৃহিণী এবং শিক্ষাগত যোগ্যতা চতুর্থ শ্রেণী উল্লেখ করেছেন। অস্থাবর সম্পদ বলতে নগদ ১০ হাজার টাকা, ৩০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী, ৪০ হাজার টাকার আসবাব এবং স্থাবর সম্পত্তি বলতে ২২ হাজার টাকা মূল্যের ১০ শতক জমি আছে বলে উল্লেখ করেছেন। স্বামী মৃত। আয়ের কোনো উৎসের কথা উল্লেখ করেননি তিনি।
আর জোহরা আকতার পেশা হিসেবে গৃহিণী এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উল্লেখ করেছেন। অস্থাবর সম্পত্তি হিসেবে নিজের নামে নগদ ৩০ হাজার, স্বামীর নামে ৩০ হাজার টাকা, নিজ নামে ৮৩ হাজার টাকার আসবাব, স্বামীর নামে ৫০ হাজার টাকার আসবাবের কথা উল্লেখ করেছেন। স্থাবর সম্পত্তি হিসেবে নিজ নামে ১০ একর কৃষিজমি, পাঁচ লাখ টাকা মূল্যের বাড়ি আছে। তিনি কৃষি খাত থেকে বার্ষিক ৯৫ হাজার টাকা আয় করেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, দলীয় সভানেত্রীর চিঠির আলোকে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রার্থী ঘোষণা করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী থাকায় ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।