মহিলা ভাইস চেয়ারম্যানের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুম সুলতানা গত বছরের ২০ নভেম্বর পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের কারণে ওই পদটি শূন্য রয়েছে।পদত্যাগের ৯০ দিন পার হলেও এখন পর্যন্ত সেখানে নির্বাচন করে পদটি পূরণ করা হয়নি। তার ওপর ওই উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম শারীরিকভাবে একেবারেই অসুস্থ।দলীয় সূত্রে জানা গেছে, আনজুম সুলতানা গত ২০ নভেম্বর আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব খালিদ পারভেজ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।জেলা প্রশাসক মো. রেজাউল আহসান তাঁর দপ্তরে বলেন, ‘উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সালের ১৪(১)-এর গ ধারা মোতাবেক সরকার ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে। ওই পদে শিগগিরই উপনির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মহোদয়কে বলা হয়।’কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম খান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি বিধিমালা সংশোধনের কাজ চলছে। সেটি সংশোধন হলে নির্বাচন হবে। এ ধরনের উপনির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। কমিশন যখন নির্দেশ দেবে, তখনই আমরা নির্বাচন করব।’আনজুম সুলতানা বলেন, ‘কাউন্সিলর পদে কাজের সুযোগ বেশি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো ধরনের কাজের সুযোগ নেই। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৮৩ হাজার ভোটার তিন বছর আগে আমাকে ওই পদে রায় দিয়েছিল। আমি জনগণের ওই রায়ের প্রতি সম্মান জানাই। কিন্তু কাজ করতে না পারায় ওই পদে থাকা সমীচীন নয় বিধায় আমি পদত্যাগ করেছি। সেখান থেকে পদত্যাগ করে আমি কুমিল্লা সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করি। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর করপোরেশনের কাউন্সিলররা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে তিন নম্বর প্যানেল মেয়রও নির্বাচিত করেন।’