মহিলা হোস্টেল ঘেঁষে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ হয়নি

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হোস্টেল ঘেঁষে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ হয়নি। এর ফলে হোস্টেলে থাকা ছাত্রীরা ট্রাকস্ট্যান্ডের লোকজনের অশ্লীল কথাবার্তা ও ট্রাক থেকে আসা তীব্র শব্দে বিব্রতবোধ করছেন।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, কলেজটির উত্তর পাশে গাইবান্ধা শহরের ব্যস্ততম ডিবি রোড। দক্ষিণ পাশে শনি মন্দির রোড। মাঝখানে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হোস্টেল। চারতলা হোস্টেল ঘেঁষে দুই সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে ট্রাকস্ট্যান্ড।
কলেজ সূত্র জানায়, ট্রাক দাঁড় করিয়ে রাখায় কলেজের দক্ষিণ ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ যানজট এড়াতে ছাত্রীদের যাতায়াতের জন্য এই ফটকটি নিরাপদ।
নাম প্রকাশে অনিচ্ছুক হোস্টেলের এক ছাত্রী বলেন, ‘মহিলা হোস্টেল ঘেঁষে ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠায় আমরা নানা বিড়ম্বনায় পড়েছি। এমনিতেই দুপাশে সড়ক, মাঝখানে কলেজ। তার ওপর পাশে ট্রাকস্ট্যান্ড হওয়ায় অনেক সময় ছাত্রীদের উত্ত্যক্ত করা হয়। বিশেষত সন্ধ্যায় এ ঘটনা বেশি ঘটে। বিষয়টি অধ্যক্ষ স্যারকে জানিয়েও কোনো কাজ হয়নি।’ নাম প্রকাশে অনিচ্ছুক হোস্টেলের আরেক ছাত্রী বলেন, ‘সকাল-সন্ধ্যা ও রাতে ট্রাকে জোরে ভলিয়ম দিয়ে গান বাজানো হয়। এতে আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।’
কলেজশিক্ষক খন্দকার সারওয়ার হোসেন বলেন, পাশের সরকারি কলেজের মাস্টার্স ও অনার্সের বিভিন্ন বর্ষের পরীক্ষা, ডিগ্রি ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এই কলেজে অনুষ্ঠিত হয়। এর ফলে ওই সব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মনোযোগও নষ্ট হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। কলেজের অধ্যক্ষ আবদুল্যাহ আল মামুন বলেন, ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের জন্য জেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।
গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, ডিবি রোডটি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক। এখানে ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠায় ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি শহরে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, মহিলা হোস্টেলের দুই ধারে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। নির্ধারিত ট্রাকস্ট্যান্ডের জন্য জায়গা খোঁজা হচ্ছে।