আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রচারপত্র বিলির সময় ভ্রাম্যমাণ আদালত এক মহিলাসহ তিনজনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার ও আগের দিন রোববার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ জরিমানা করেন। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে হোসনে আরা নামের এক মহিলা ফয়’স লেক এলাকায় মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে লেখা প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় তাঁকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই অর্থ অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, মেয়র প্রার্থী মহিউদ্দিনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লিফলেট বিলি করছিলেন হোসনে আরা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই মহিলাকে ঘটনাস্থলে সাজা দেন। কয়েক মিনিটের মধ্যে একজন মেয়রপ্রার্থীর চারজন প্রতিনিধি ঘটনাস্থলে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে হোসনে আরাকে ছাড়িয়ে নেন। ফলে হোসনে আরাকে আর কারাগারে পাঠানো হয়নি। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ‘সোমবার পতেঙ্গা এলাকায় অনুরূপ প্রচারপত্র বিলির সময় আলাউদ্দিন নামের আরেক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত রোববার রাতে বন্দর এলাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন জিল্লুর রহমান নামে আরেক ব্যক্তির। এই তিনজনই মহিউদ্দিনের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করছিলেন।