মহিষ আহত হওয়ার ঘটনায় লঙ্কাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মীর নছিমনের ধাক্কায় বিএনপির কর্মীর মহিষ আহত হওয়ার ঘটনায় দল দুটির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে৷ এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে৷ এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়৷
আহত ব্যক্তিরা হলেন খাসমহল গ্রামের জয়নব বেগম, খবির উদ্দীন মালিথা, হুসাইন আলী, ফজিল মালিথা ও শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে বিএনপির কর্মী আসাদুল হকের একটি মহিষ খাসমহল-পলাশবাড়িয়া সড়ক পার হচ্ছিল৷ এ সময় আওয়ামী লীগের কর্মী ইলিয়াস হোসেনের একটি নছিমন মহিষটিকে ধাক্কা দেয়৷ এতে এটি জখম হয়৷ এ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিএনপির কর্মী পল্টু ইসলাম অভিযোগ করেন, তাঁরা আহত মহিষের ক্ষতিপূরণ চাইতে গেলে আওয়ামী লীগের কর্মীরা একরামুল হকের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালান।
আওয়ামী লীগের কর্মী একরামুল হক দাবি করেন, মহিষের ক্ষতিপূরণ না পেয়ে বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালান। তাঁর নেতৃত্বে এ ঘটনা ঘটেনি।