মহিষলুটি বিল প্রকল্পের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন
নিজেদের জমির ওপর দিয়ে খাল না কাটার দাবিতে স্থানীয় কৃষকেরা গতকাল সোমবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সরকার মহিষলুটি বিল প্রকল্পের আওতায় এলাকায় খাল কাটা ও বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে।
গতকাল বিকেল পাঁচটায় চান্দাই-জোনাইল সড়কের চান্দাই এলাকায় তিন শতাধিক কৃষক মানববন্ধন করেন। আধা ঘণ্টা অবস্থানের পর তাঁরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ক্ষতিগ্রস্ত কৃষক আবদুর রহিম ও আলাল খাঁ।
বক্তারা বলেন, প্রকল্পটি কৃষকদের নিজস্ব জমির ওপর দিয়ে বাস্তবায়ন করা হলে বিপুল পরিমাণ আবাদি জমি নষ্ট হবে। জমি হারিয়ে অনেক কৃষক অন্য পেশায় যেতে বাধ্য হবেন। তাঁরা কৃষকদের নিজস্ব জমি ব্যবহার না করে প্রকল্প বাস্তবায়নে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।