মহিষের দুধে দিনবদল
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আগ্ বোহাইল গ্রামের শামসুল হক আকন্দ। এক দশক আগে ছিলেন জোতদার কৃষক। পাশের আওলাকান্দি গ্রামে ছিল প্রায় ১০০ বিঘা জমি। কিন্তু সেই জমি যমুনা নদী গ্রাস করে। পাঁচ বছর আগে পৈতৃক ভিটাও যায় নদীর পেটে। নিঃস্ব হয়ে পড়েন শামসুল। স্ত্রী-সন্তানদের নিয়ে আশ্রয় নেন পাশের বোহাইল চরে।
শামসুল অন্যের জমিতে কুঁড়েঘর তুলে বসবাস শুরু করেন। দিনমজুরি করে এক বেলা ভাত জুটত তো আরেক বেলা জুটত না। কাজ না জুটলে উপোস থাকতে হতো। কূলকিনারা না পেয়ে বছর চারেক আগে দুটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে এক লাখ টাকা ঋণ নেন। সেই টাকায় মহিষের দুটি বকনা বাছুর কেনেন। পরে ধারদেনা করে কেনেন আরও দুটি বকনা বাছুর। মহিষের সেই চার বাছুরই আজ তাঁর ভাগ্য বদলে দিয়েছে। তাঁর খামারে এখন উন্নত জাতের আটটি দুধেল মহিষ ও মহিষের পাঁচটি বাচ্চা আছে। এনজিও থেকে নেওয়া ঋণ শোধ করেছেন।
শামসুল হকের সঙ্গে সম্প্রতি কথা হয়। তিনি বলেন, আটটি মহিষ একসঙ্গে যখন দুধ দিত, তখন প্রতিদিন ৩০-৩৫ লিটার দুধ হতো। এখন সাতটি মহিষের বাছুর বড় হয়েছে। এক মাস ধরে দুধ দিচ্ছে একটি মহিষ। প্রতিদিন গড়ে পাঁচ লিটার দুধ হচ্ছে। প্রতি লিটার দুধ বিক্রি করেন ৪০ থেকে ৫০ টাকায়।
স্ত্রী চার ছেলে-মেয়েকে নিয়ে পাঁচ বছর আগে নিঃস্ব হয়ে পড়েন। অন্যের জায়গায় কুঁড়েঘর তুলে থাকতেন। দিনমজুরের কাজ করতেন। তাঁর ছেলেরা বাঁধে ব্লক ফেলার কাজ করত। এভাবে মাস ছয়েক কাটানোর পর একদিন চরে মহিষের বাথান চোখে পড়ল। নদীর পশ্চিমপাড়ের একজন খামারি ৩৫-৩৬টি মহিষ নদীর এপারে এনে ঘাস খাওয়াচ্ছিলেন। মহিষের বাথান দেখে শামসুলের মন ভরে যায়। তাঁর মাথায় মহিষের খামার করার ভাবনা আসে। কিন্তু টাকার দরকার। দুটি এনজিওর সঙ্গে কথা বলেন। কয়েক দিন পর এক লাখ টাকা ঋণ পান। সেই টাকায় মহিষের দুটি বকনা বাছুর কেনেন। প্রথম দিকে তাঁর স্ত্রীই বাছুর দুটি সারা দিন চরে নিয়ে ঘাস খাওয়াতেন। দুই ছেলের সঙ্গে শামসুলের দিনমজুরির টাকায় থেকে এনজিওর কিস্তি শোধ করতেন। এক বছরের মধ্যেই ঋণ শোধ করেন। এরপর ধারদেনা করে আরও দুটি বকনা বাছুর কেনেন। এখন স্ত্রীকে নিয়ে নিজেই বাথান দেখাশোনা করেন। সংসারে তেমন অভাব নেই। বছরের আট-নয় মাস চরেই থাকেন। বর্ষা এলে নৌকায় মহিষ তুলে পশ্চিম তীরে যান। এখন সব মিলিয়ে ১০ লাখ টাকার পুঁজি হয়েছে তাঁর। চরে তাঁর দেখাদেখি আরও চার-পাঁচজন মহিষের খামার করেছেন।
শামসুল হকের স্ত্রী ছরভানু বেগম বলেন, ‘নদীডা হামাগরক ফরিকর বানাইছিল। বাড়িঘর হারায়ে পথের ফকির হইছিলাম। ছলপল লিয়ে না খ্যায়া থাকছি। মষ (মহিষ) হামাগেরে ভাগ্য বদলায়া দিছে।’
শামসুল হক আরও বলেন, ‘আশ্বিন মাসে চরে আসি। টানা আট মাস এখানেই পড়ে থাকি। চরে জেগে ওঠা ঘাসে মহিষের পাল ছেড়ে দিই। কিন্তু চরে ফসলের আবাদ করা হলে আর ঘাস মেলে না। তখন ঘাস কিনতে হয়। খইল-ভুসি কিনতে হয়।’
শামসুল হকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বোহাইল চরে আরও পাঁচ-ছয়জন মহিষের বাথান গড়ে তুলেছেন। সব বাথানই দুগ্ধ খামার। এর মধ্যে দক্ষিণ মাঝিরার আফজাল হোসেন মণ্ডলের বাথানে ছোট-বড় ৪৯টি মহিষ, চর মাঝিরা গ্রামের অকছের আকন্দের বাথানে ৪০টি, চারনমারি গ্রামের ইসমাইল হোসেনের বাথানে ৩০টি, ওসমান আলীর বাথানে ৩০টি ছোট-বড় মহিষ আছে।
খামারিরা বলেন, বন্যা-নদীভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা চরবাসীর অর্থনৈতিক চিত্র পাল্টে দিয়েছে তাঁদের মহিষের খামার। মহিষ লালন-পালনের মধ্য দিয়ে দৈন্যদশা ঘুচে সচ্ছলতা ফিরেছে তাঁদের জীবনে।
খামারি আফজাল হোসেন বলেন, চরে জমিজমা আছে, কিন্তু চাষাবাদ করে ঠিকমতো লাভ হয় না। শামসুল হকের বাথান দেখে এসে বছর চারেক আগে নিজেও মহিষের খামার গড়ে তোলেন। তাঁর খামারে ২৬টি গাভি। প্রতিটি মহিষ গড়ে পাঁচ লিটার দুধ দেয়। সেই হিসাবে ১৩০ লিটারের মতো দুধ পাওয়া যায়। গড়ে ৪০ থেকে ৪২ টাকা লিটার দরে দুধ বিক্রি হয়। টাঙ্গাইল-জামালপুর থেকে পাইকারেরা বাথানে এসে দুধ কিনে নিয়ে যান। তবে মাঝে মাঝেই পাইকার আসেন না। তখন কম দামে দুধ বিক্রি করতে হয়। সব কটি বাথানে গড়ে ৭০০ থেকে ৮০০ লিটার দুধ সংগ্রহ করা হয়।
খামারি আফজাল হোসেন বলেন, গরু পালনে খরচ বেশি, লাভ কম। আর মহিষ পালনে পরিশ্রম ও খরচ দুটোই কম। লাভের হিসাব তুলে ধরে তিনি বলেন, দেড় বছর আগে ২৬টি মহিষ কিনেছিলেন। প্রতিটি দাম পড়ে ৩০ হাজার টাকায়। এখন প্রতিটির দাম গড়ে এক লাখ টাকা। ২৩টি বাছুরের দাম গড়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার টাকার দুধ বিক্রি করেন তিনি।
বোহাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ভাঙনকবলিত যমুনার দুর্গম চরাঞ্চলের এই ইউনিয়নে ২৫ হাজার মানুষের বসবাস। বেশির ভাগ মানুষই হতদরিদ্র। মহিষ পালনের মাধ্যমে অনেকের কপাল খুলতে শুরু করেছে। তাঁদের সফলতার গল্প দিন দিন ছড়িয়ে পড়ছে।