মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ওষুধ কারখানা দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে নরসিংদীর ভাগদা এলাকায় একটি ওষুধ কারখানা দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম এই অভিযোগ করেন।গতকাল রাতে যোগাযোগ করা হলে মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেন, ওষুধ কারখানা দখলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। বিদেশি নাগরিকেরা বিনিয়োগ করে ওই কারখানার অংশীদার থাকলেও গত শবে বরাতের রাতে শফিকুল তাঁদের বের করে দিয়ে কারখানাটি তাঁর নিয়ন্ত্রণে নিয়েছিলেন। এমন অভিযোগ তাঁর কাছে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। সরকার বিনিয়োগকারীদের রক্ষা করতেই কারখানাটি পুনরুদ্ধার করেছে।লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ২০০৪ সালে সোনালী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক থেকে ২১ কোটি টাকা ঋণ নিয়ে নরসিংদী পুলিশ লাইনসের কাছে ভাগদা এলাকায় তিন একর জমিতে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড গড়ে তোলা হয়। এ প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক খালেদা চৌধুরীর ছেলে শরীফ চৌধুরীর প্রতিষ্ঠানটি পরিচালনার সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই। তবু সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের মদদে কারখানাটি দখল নিয়ে শরীফ চৌধুরীকে বুঝিয়ে দেওয়া হয়।শফিকুল ইসলাম অভিযোগ করেন, খালেদা চৌধুরীর সন্তান শরীফ চৌধুরী মিস্টিক ফার্মাসিউটিক্যালসের মালিকানা থেকে তাঁকে বঞ্চিত করতে তৎপর হয়ে ওঠেন। এরই অংশ হিসেবে তাঁরা সাংসদ মহীউদ্দীন খান আলমগীরকে ব্যবহার করেন। ১১ জুলাই মহীউদ্দিন খান আলমগীরের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা ওষুধ কারখানায় ঢুকে পড়েন। তাঁরা সেখানে কর্মরত সবাইকে বের করে দেন। পরে ১৮ জুলাই জেলা প্রশাসন ও পুলিশ শরীফ চৌধুরীর ওষুধ কারখানাটি দখলে নিয়ে দেয়। মহীউদ্দীন খান আলমগীর ওষুধ কারখানার পরিচালনায় যুক্ত কিংবা নরসিংদীর নির্বাচনী এলাকা না হওয়া সত্ত্বেও ওষুধ কারখানা পরিদর্শনের নামে এখানে একাধিকবার এসে হস্তক্ষেপ করতেন।শফিকুল বলেন, তাঁর বৈধ মালিকানার কারখানাটি পুনরুদ্ধারে নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা চেয়েও পাননি। এখন তিনি সম্পত্তি ও কারখানাটি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।শফিকুল দাবি করেন, ২০০৭ সালে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সুযোগে ওষুধ কারখানার পরিচালক খালেদা চৌধুরীর আরেক ছেলে আতিকুল ইসলামকে কারখানার চেয়ারম্যান করা হয়। এ সময় আতিকুল তাঁর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেন। অবশ্য আদালত তাঁর পক্ষে রায় দেন। ১১ ও ১৮ জুলাই আদালতের রায়ের আদেশ অমান্য করে ওষুধ কারখানা থেকে তাঁদের বের করে দেওয়া হয়।এ ব্যাপারে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ওষুধ কারখানাটি দখলের নেতৃত্ব দেওয়া জাহাঙ্গীর আলমকে তাঁর ব্যক্তিগত সহকারী কিংবা ব্যক্তিগত সচিব বলা হলেও এ নামে কাউকে তিনি চেনেন না।