মহীউদ্দীন খান আলমগীরের সাংসদপদ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট এখতিয়ার বহির্ভূত ও অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।এর ফলে ওই আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীরই বহাল রইলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তাঁর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।এ প্রসঙ্গে ইসির আইনজীবী শাহদীন মালিক বলেন, দুর্নীতির মামলায় মহীউদ্দিন খান আলমগীরের সাজার রায় হয়। তবে সর্বশেষ আপিল বিভাগ তাঁকে নির্দোষ ঘোষণা করেন। গতকালের রায়ে এ বিবেচনায় তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নির্দোষ ছিলেন বলে উল্লেখ করা হয়। অর্থাৎ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁর অযোগ্যাতা ছিল না। আপিল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।রায়ের প্রতিক্রিয়ায় মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে দেশের জনগণ খুশি, আমিও খুশি।’গত বছরের ২২ সেপ্টেম্বর চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে ইসি গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে মহীউদ্দীন খান আলমগীর রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করেন ও রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।