মহীসোপানে অংশ দাবি মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর এবার মহীসোপানের দাবি নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিয়ানমার। সম্প্রতি জাতিসংঘের মহীসোপানের সীমানা নির্ধারণ-বিষয়ক কমিশনে (সিএলসিএস) দেওয়া সংশোধিত দাবিতে বাংলাদেশ ও ভারতের অংশ দাবি করেছে দেশটি। মিয়ানমারের এই দাবির বিপক্ষে ইতিমধ্যে জাতিসংঘে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মিয়ানমারের এই পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যে জাতিসংঘের কাছে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। মিয়ানমারের বক্তব্যের পাল্টা জবাব উত্থাপন করে দেশটির দাবি বাতিলের জন্য জাতিসংঘকে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, জাতিসংঘের কাছে দেওয়া অবস্থানপত্রে বঙ্গোপসাগরে নিজেদের মহীসোপান বলে মিয়ানমার যেটা দেখিয়েছে, তাতে বাংলাদেশ ও ভারতের অংশবিশেষ রয়েছে। সমুদ্রসীমা নিয়ে ইতিমধ্যে মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধ সালিসি আদালতের মাধ্যমে মিটে গেছে। এখন মহীসোপান নিয়ে তিন দেশের দাবির বিষয়টি চূড়ান্ত করবে সিএলসিএস।
২০০৮ সালের ১৬ ডিসেম্বর জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদের অষ্টম অনুচ্ছেদের ৭৬ ধারা অনুসরণ করে মিয়ানমার সিএলসিএসে মহীসোপানের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে। মিয়ানমারের সমুদ্রসীমার ২০০ নটিক্যাল মাইলের (নৌ-মাইল) বাইরে থেকে মহীসোপানের দাবিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এতে দেওয়া হয়। পরে সিএলসিএস মিয়ানমারের দাবির সারসংক্ষেপ প্রকাশ করে। বাংলাদেশ ওই দাবির বিরোধিতা করেছিল। মিয়ানমার গত জুলাইতে দাবি সংশোধন করে আবার জমা দেয়। সিএলসিএস তার কাজের প্রক্রিয়া অনুযায়ী মিয়ানমারের সংশোধিত দাবির বিষয়টি জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র ও সনদে সইকারী দেশগুলোকে অবহিত করেছে।
মিয়ানমারের দাবির প্রতিবাদ জানিয়ে সিএলসিএসে উত্থাপিত বক্তব্যে বাংলাদেশ বলেছে, মহীসোপান নিয়ে মিয়ানমারের সংশোধিত দাবিতে যেই অংশ তুলে ধরা হয়েছে তাতে সমুদ্র আইন–বিষয়ক আন্তর্জাতিক সালিসি আদালত (ইটলস) এবং আন্তর্জাতিক সালিসি আদালত নির্দেশিত বাংলাদেশের অংশও রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে ইটলসের ১৬তম মামলার রায় লঙ্ঘন করেছে দেশটি। পাশাপাশি মিয়ানমারের দাবি বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক সালিসি আদালতের রায়কেও লঙ্ঘন করেছে। তাই আদালতের রায় লঙ্ঘনের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করায় মিয়ানমারের দাবি প্রত্যাখ্যান করা উচিত।
জাতিসংঘে দেওয়া চিঠিতে বাংলাদেশ আরও লিখেছে, সব রকম বিতর্কের অবসান ঘটিয়ে ইটলস ও আন্তর্জাতিক সালিসি আদালত যে অংশ বাংলাদেশকে দিয়েছে, তার অংশবিশেষ অসংগতভাবে নিজের মহীসোপানের অংশ দাবি করছে মিয়ানমার। তাই মিয়ানমারের দাবিটি সিএলসিএস আমলে নিলে তা ইটলস ও আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের পক্ষে দেওয়া রায়ের সুস্পষ্ট লঙ্ঘন।