মহেন্দ্রর ধাক্কায় কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল শনিবার একটি যাত্রীবাহী মহেন্দ্র কর্তব্যরত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে (৫০) ধাক্কা দেয়। এতে আহত হন তিনি।
সেখানে কর্তব্যরত পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী উপপরিদর্শক (টিএএসআই) মো. জাহিদ হোসেন গতকাল বেলা একটার দিকে বলেন, ঘন কুয়াশার সময় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া ঘাটে একটি মহেন্দ্র জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে তাঁর ঠোঁট ও বাঁ হাত জখম হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে ওই মহেন্দ্রতে করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু মহেন্দ্রচালক জাহাঙ্গীরকে হাসপাতালে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। পরে চিকিৎসকেরা জাহাঙ্গীরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।