মহেশ খাল এখন আবর্জনার ভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের বুকে প্রতিদিনই জমছে আবর্জনা। নির্বিচারে ফেলা হচ্ছে বাজার ও আশপাশের এলাকার সব উচ্ছিষ্ট। খালটি ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। তবুও এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। নেই কোনো নজরদারিও।

চট্টগ্রাম নগরের হালিশহর ফইল্যাতলী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মহেশ খাল এভাবেই এর অস্তিত্ব হারাতে বসেছে। জানা যায়, নগরের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড মহেশ খাল খনন করে।

এরপর এর তদারকির দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম সিটি করপোরেশনকে। দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সীমানায় পড়েছে খালটি। বিভিন্ন সময়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ শুধু খাল পুনর্খননের মাধ্যমে তাদের দায়িত্ব শেষ করে। খালের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং একে দূষণমুক্ত রাখার কোনো ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয় না। ফইল্যাতলী বাজার থেকে বেড়িবাঁধ পর্যন্ত খালের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার।

খাল ভরাট হয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্ব্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী প্রথম আলোকে বলেন, ‘আমরা অ্যাসকেভেটর দিয়ে খালে জমে থাকা আবর্জনা ও মাটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেব অতি সত্বর।’

সরেজমিনে দেখা যায়, বাজারের মুখে রাস্তার পাশে মহেশ খালের অংশটি ভরাট হয়ে আছে। এর এক পাশে কিছু জায়গায় চাষ করা হয়েছে শীতকালীন শাক-সবজি। আশপাশের লোকজন এগুলো চাষ করেছেন বলে জানা গেছে।

বাজারের পেছনে ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ সড়ক। সড়কের প্রবেশপথে মসজিদের পেছনে খালের বিস্তীর্ণ অংশজুড়ে দেখা যায় পরিত্যক্ত পলিথিনের আস্তরণ। সেই সঙ্গে জমে আছে কলার আঁটি, সবজির খোসা, পশুর বর্জ্য। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আসে। খালের পানি কালো রং ধারণ করেছে।

মসজিদের মুসল্লি ও স্থানীয়দের অভিযোগ, বাজারের সব আবর্জনা ফেলা হয় এখানে। একসময় বাজরের ভেতর ডাস্টবিন বসানো হলেও এখন সেটিও আর নেই। সব আবর্জনার ভান্ডার এখন মহেশ খাল।

সলিম উল্লাহ নামে একজন মুসল্লি জানান, ময়লার দুর্গন্ধে মসজিদে নামাজ পড়তে অসুবিধা হয়। বারবার বিষয়টি বাজার কমিটিকে বলেও কোনো লাভ হয়নি।

মুসল্লিদের ভোগান্তির কথা স্বীকার করেছেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। তিনি বলেন, ‘আমি খাল ভরাটের বিষয়টি জানিয়ে করপোরেশনে একাধিক চিঠি দিয়েছি। এ ছাড়াও ১৫-২০ দিন আগে নিজ উদ্যোগে ট্রাক দিয়ে মসজিদের পেছনের ময়লা অপসারণ করিয়েছি। মাইকিং করে, লিফলেট বিতরণ করে খালে ময়লা না ফেলার অনুরোধ জানিয়েছি। এর পরও কেউ সচেতন না হলে কী করার আছে। কোরবানির সময়ও বাড়ি বাড়ি গিয়ে বলেছি খালে পশুর বর্জ্য না ফেলার জন্য। আমি এলাকাবাসীকে নিয়ে এ মাসেই একটি মতবিনিময় সভার আয়োজন করব।’

তবে খালে বাজারের বর্জ্য ফেলার বিষয়টি মানতে নারাজ ফইল্যাতলী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম। তিনি বলেন, ‘খালের ময়লা বাইরের এলাকা থেকে এখানে এসে জড়ো হয়েছে। আমরা বাজারের ভেতরে ভেঙে ফেলা ওয়ার্ড কার্যালয়ের সামনে ময়লা জমিয়ে রাখতে বলেছি ব্যবসায়ীদের। সেখান থেকে করপোরেশনের গাড়ি এসে ময়লা সংগ্রহ করে নিয়ে যায়।’