চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মহেশ খাল খননের জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।
গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় আ জ ম নাছির উদ্দিন এ নির্দেশ দেন।
চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এ সভায় নবনির্বাচিত মেয়র বলেন, নগরের চাক্তাই ও মহেশ খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মনজুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন সচিব রশিদ আহমেদ ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন।
সভায় আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা অনেক প্রকট আকার ধারণ করেছে। জলাবদ্ধতা শুধু বর্ষা মৌসুমের সঙ্গে সম্পৃক্ত। চট্টগ্রামের কোথাও দু-চার ঘণ্টার বেশি পানি জমে থাকে না। আলোচনা করতে করতে এটিকে নগরের প্রধান সমস্যা হিসেবে দেখানো হচ্ছে।’
জলাবদ্ধতা সমস্যা সমাধানে নগরের নালা-নর্দমাগুলোতে পানির ধারণক্ষমতা বাড়াতে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘নগরের ৪১টি ওয়ার্ডের নালা-নর্দমাগুলো পরিদর্শন করুন। কী কী কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, তার কারণ খুঁজে বের করুন।’
ওয়ার্ড সচিবদের রদবদলের নির্দেশ: গতকালের সভায় মেয়র আ জ ম নাছির দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালনরত ওয়ার্ড সচিবদের বদলির নির্দেশ দেন। তিনি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের উদ্দেশে বলেন, ‘তিন বছরের ওপরে যাঁরা আছেন, তাঁদের সবাইকে বদলি করে দেন। দ্রুত এটি করতে হবে।’
আপনি কার পক্ষে?: গতকালের সভার একপর্যায়ে মেয়র করপোরেশনের আইন কর্মকর্তা সরওয়ার-ই-আলমের কাছে জানতে চান, ‘আপনি কার পক্ষে? সিটি করপোরেশন, নাকি পার্টিগুলোর পক্ষে কাজ করেন?’
আইন কর্মকর্তার দায়িত্ব পালনকালে করপোরেশন কয়টি মামলা জিতেছে—মেয়রের এ প্রশ্নের জবাবে সরওয়ার-ই-আলম দাবি করেন, করপোরেশন ৮০ শতাংশ মামলায় জয়লাভ করেছে।
এদিকে মেয়র আ জ ম নাছির করপোরেশনের সাবেক প্রধান পরিদর্শক (বিজ্ঞাপন ও প্রমোদ কর) আবুল মনসুরের উদ্দেশে বলেন, ‘নগরে তো বৈধ বিলবোর্ডের চেয়ে অবৈধ বিলবোর্ড বেশি। বৈধগুলো নিয়েও প্রশ্ন রয়েছে। প্রতিটি থেকে কত টাকা করে নিয়েছেন।’