মহেশ খালে সাময়িক বাঁধ দিচ্ছে বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নগরের জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে মহেশ খালের ওপর সাময়িক বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। আজ বুধবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বন্দর রিপাবলিক ক্লাবের পাশে খালের ওপর এই নির্মাণকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
প্রায় অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানিতে মহেশ খালের আশপাশের এলাকা তলিয়ে যায়। এতে আগ্রাবাদ, হালিশহর, গোসাইলডাঙা এলাকার বাসিন্দাদের জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। বর্ষা ও শুষ্ক মৌসুমেও এই ভোগান্তি থেকে যায়। স্থানীয় বাসিন্দারা এই দুর্ভোগ থেকে মুক্তির জন্য দীর্ঘদিন ধরে মহেশ খালের মুখে জলকপাট (স্লুইসগেট) নির্মাণের দাবি জানিয়ে আসছেন। বৃহত্তর আগ্রাবাদ-হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল আলম বলেন, ‘১২-১৩ বছর ধরে জোয়ারজনিত জলাবদ্ধতায় এই অঞ্চলের প্রায় আট লাখ বাসিন্দা নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছে। এই দুর্ভোগ নিরসনের জন্য ২০১৩ সালের বন্দর উপদেষ্টা কমিটির সভায় মহেশ খালের মুখে স্লুইসগেট নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম।’