মহেশ খালের অস্থায়ী বাঁধ অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মহেশ খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন উত্তর-মধ্যম হালিশহর (৩৭ নম্বর) ও দক্ষিণ-মধ্যম হালিশহর (৩৮ নম্বর) ওয়ার্ডের বাসিন্দারা। এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খালের মুখে স্থায়ীভাবে জলকপাট (স্লুইসগেট) নির্মাণেরও দাবি জানান তাঁরা।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এক মাসের মধ্যে বাঁধ অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকায় কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে গত বছরের ২ সেপ্টেম্বর মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। প্রায় ১২০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট উচ্চতার এই বাঁধের নির্মাণকাজ শেষ হয় গত বছরের অক্টোবরে। আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দারা বাঁধ নির্মাণকে স্বাগত জানালেও বিরোধিতা করে আসছেন উত্তর-মধ্যম হালিশহর ও দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব মো. হাবিব শরীফ বলেন, অপরিকল্পিত বাঁধের কারণে জোয়ারের সময় উত্তর-মধ্যম হালিশহর ও দক্ষিণ মধ্যম হালিশহরের বিভিন্ন এলাকা পানিতে ডুবে থাকে। এতে প্রায় ১০ লাখ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর দায়ভার বন্দর কর্তৃপক্ষসহ বাঁধের পরিকল্পনাকারীদের নিতে হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাঁধের নির্মাণকাজের শুরুতে বন্দর কর্তৃপক্ষ এলাকাবাসীকে আশ্বাস দিয়েছিল, ছয় মাসের জন্য এ বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং এর মধ্যেই মহেশ খালের মুখে স্লুইসগেট নির্মাণের কাজ শেষ করা হবে। কিন্তু বছর পার হতে চললেও এই আশ্বাস বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এখন এ বাঁধের কারণে এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক জহুর আহম্মদ, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মো. হোসেন ও ঈশান মিস্ত্রির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নজির আহমদ, আনন্দবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এজাহারুল হক প্রমুখ।