মহেশ খালের অস্থায়ী বাঁধ কাটার চেষ্টা এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারের পানিতে চট্টগ্রামের দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকা তলিয়ে যাওয়ায় ক্ষুব্ধ লোকজন ঘূর্ণিঝড়ের মধ্যেই নগরের মহেশ খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ কেটে ফেলার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৬টি ফাঁকা গুলি ছোড়ে। গতকাল শনিবার বিকেলে বন্দর রিপাবলিক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
ইটের আঘাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিমসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এলাকাবাসীর মধ্যে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা তিনটার দিকে রিপাবলিক ক্লাবের সামনে ঝড়বৃষ্টির মধ্যে প্রায় আড়াই শ লোক কোদাল ও শাবল নিয়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা বাঁধ কাটার চেষ্টা করেন। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে লোকজন ইটপাটকেল ছোড়েন। এ সময় শটগান থেকে পুলিশ গুলি ছুড়ে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে গত বছরের ২ সেপ্টেম্বর মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। প্রায় ১২০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট উচ্চতার এই বাঁধের নির্মাণকাজ শেষ হয় গত বছরের অক্টোবরে। বাঁধ নির্মাণকে আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দারা স্বাগত জানালেও বিরোধিতা করেন উত্তর মধ্যম হালিশহর ও দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা।
হালিশহরের আদর্শপাড়ার বাসিন্দা শওকত হোসেন, মাইজপাড়ার কাউসার আহমেদ, পোর্ট মার্কেটের ব্যবসায়ী মো. ইউসুফ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে মাইজপাড়া, আদর্শপাড়া, নিশ্চিন্তাপাড়া, হিন্দুপাড়াসহ অন্তত ১০টি এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। এলাকাগুলো আগে কখনো এভাবে তলিয়ে যায়নি। মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধ দেওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, মুন্সিপাড়া, আদর্শপাড়ার প্রায় আড়াই শ লোক কোদাল, শাবল দিয়ে বাঁধটি কেটে ফেলার চেষ্টা করে। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। ছত্রভঙ্গ করার জন্য শটগানের ৩৬টি ফাঁকা গুলি ছোড়া হয়। তিনি বলেন, লোকজন পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে তাঁর ডান হাত ভেঙে যায়।
চট্টগ্রাম বন্দরের নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম বলেন, অস্থায়ীভাবেই বাঁধটা নির্মাণ করা হয়েছিল। কিন্তু ভুল বোঝাবুঝির জের ধরে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, মহেশ খালের মুখে স্থায়ী স্লুইসগেট করা হবে।