মহেশ খালের বাঁধ অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর রিপাবলিক ক্লাব এলাকায় মহেশ খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তা দেখতে ভিড় করে অসংখ্য মানুষ। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের বন্দর রিপাবলিক ক্লাব এলাকায় মহেশ খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তা দেখতে ভিড় করে অসংখ্য মানুষ। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও হালিশহরের বাসিন্দাদের ‘গলার কাঁটা’ হয়ে ওঠা মহেশ খালের অস্থায়ী বাঁধ অপসারণ শুরু করেছে সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের সামনে এই কার্যক্রম শুরু হয়। বাঁধ অপসারণ দেখতে খালের দুই পাশে হাজার হাজার মানুষ জড়ো হন।
গতকাল বাঁধ অপসারণ দেখতে যান সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। এ সময় মেয়র বলেন, জনগণের কষ্টের কথা বিবেচনা করে বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের মতামত নিয়ে বাঁধটি অপসারণ করা হচ্ছে। কর্ণফুলীর জোয়ারের পানি রুখতে মহেশ খালের মুখে বন্দরের অর্থায়নে জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হবে।
গত রোববারের রাতের বৃষ্টিতে আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, হাসপাতালের পাশের সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও হালিশহর আবাসিক এলাকা গতকাল মঙ্গলবার পর্যন্ত জলমগ্ন ছিল। এর আগে গত ৩০ মে ভারী বর্ষণে এসব এলাকা চার দিন ডুবে ছিল। মহেশ খালের ওপর দেওয়া অস্থায়ী বাঁধের কারণে আগ্রাবাদ ও হালিশহর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে তখন প্রথম আলোকে জানিয়েছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। গত ১ জুন সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সভায় এ বাঁধ অপসারণের সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকায় কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে ২০১৫ সালের অক্টোবরে মহেশ খালের ওপর পৌনে তিন কোটি টাকা ব্যয়ে অস্থায়ী বাঁধটি নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। বাঁধ নির্মাণকে আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দারা স্বাগত জানালেও বিরোধিতা করে উত্তর মধ্যম হালিশহর (৩৭ নম্বর) ও দক্ষিণ মধ্যম হালিশহর (৩৮ নম্বর) ওয়ার্ডের বাসিন্দারা।
গতকাল বাঁধ অপসারণ দেখতে আসা নগরের গোসাইলডাঙা ওয়ার্ডের নিমতলার মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, বাঁধের কারণে তাঁরা জলাবদ্ধতার শিকার হচ্ছিলেন। এখন দুর্ভোগের অবসান ঘটবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, বাঁধটি পুরোপুরি অপসারণ করতে দুই থেকে তিন দিন সময় লাগবে।