মহেশখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়নি আট বছরেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরেও কক্সবাজারের মহেশখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়নি। এ কারণে মাঠপর্যায়ে সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, ২০০৫ সালের জানুয়ারি মাসে সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু হায়দারের কমিটি বিলুপ্ত করে শেখ কামালকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০১১ সালের মে মাসে আবদুল মান্নানকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করে। এরপর ওই সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলন করার জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার পাশাপাশি একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করলেও নানা কারণে ঝুলে আছে মাতারবাড়ি ও শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শেখ কামাল প্রথম আলোকে বলেন, ‘সম্মেলন করার খুব ইচ্ছা ছিল। কিন্তু জেলা ছাত্রলীগের নেতাদের অসহযোগিতার কারণে সম্মেলন করতে পারিনি। এ কারণে আট বছর ধরে ঝুলে আছে উপজেলা ছাত্রলীগের সম্মেলন।’

 মহেশখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল মান্নান বলেন, সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্রলীগকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি এলাকায় সাংগঠনিক কার্যক্রম বেশ জোরদার করা হয়েছে।

তবে ছাত্রলীগের সম্মেলন কবে হবে, জানতে চাইলে আবদুল মান্নান বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে মাতারবাড়ি ও শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা যাচ্ছে না। এ কারণে ওই দুই ইউনিয়নে সম্মেলন নিয়ে অনেকটা অনিশ্চয়তা দেখা দেওয়ায় আপাতত উপজেলা ছাত্রলীগের সম্মেলন করা সম্ভব হচ্ছে না। এর পরও কয়েক দিনের মধ্যে ওই দুই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।