মহেশখালী ও কস্তুরাঘাটে চাঁদাবাজি, যাত্রীরা অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী-কক্সবাজার নৌরুটের দুই প্রান্তের ঘাটে ভাটার সময় চাঁদাবাজির শিকার হচ্ছেন যাত্রীরা। এ ছাড়া ঘাটে বোটের জন্য তাঁদের ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাটার সময় মহেশখালী ঘাটে প্রত্যেক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা ও কক্সবাজারের কস্তুরাঘাটে দুই টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। যাঁরা চাঁদা দেন না, তাঁদের হাঁটুকাদা ভেঙে বোটে উঠতে হচ্ছে, আর বোট থেকে নেমে কাদা ভেঙে তীরে পৌঁছাতে হচ্ছে। ঘাটে ভাটার সময় যাত্রীদের বিকল্প নৌকা বা জেটি দিয়ে কাঠের বোট বা স্পিডবোটে ওঠার ব্যবস্থা করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, মহেশখালী ঘাটে যাত্রীরা স্পিডবোটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। যাত্রীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা ঘাটের এই চাঁদাবাজিতে অতিষ্ঠ। গোরকঘাটার বাসিন্দা আবদুর রহিম ও কপিল উদ্দিন জানান, ভাটার সময় দুই জেটি দিয়ে পার হতে অতিরিক্ত চাঁদা দিতে হচ্ছে। ঢাকা থেকে আসা পর্যটক শরিফ উদ্দিন ও আনোয়ার হোসেন জানান, কক্সবাজার থেকে মহেশখালী আসার সময় প্রথমে কস্তুরাঘাটে দুই টাকা দেওয়ার পর নৌকা দিয়ে বোটে ওঠার সময় অতিরিক্ত দুই টাকা চাঁদা দিতে হয়েছে। পরে মহেশখালী ঘাটে এসে ভাটার সময় ছোট নৌকায় করে ঘাটে ওঠার জন্য ১০ টাকা চাঁদা দিতে হয়েছে। তবে প্রশাসনের পক্ষে ঘাট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত পরিচালক প্রদীপ কুমার রুদ্র জানান, ভাটার সময় আলাদা নৌকা দিয়ে জেটিতে ওঠানামা করতে বাইরের লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে ঘাটের লোকজন জড়িত নয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন জানান, ভাটার সময় বাইরের কিছু লোকজন ঘাটে অতিরিক্ত টাকা আদায় করছে। তবে ঘাটে অতিরিক্ত টাকা নেওয়ার নিয়ম নেই। তিনি বলেন, এ নিয়ে কেউ লিখিত অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।