মহেশখালী ও সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর আদিনাথ মন্দিরে ভিড় জমিয়েছেন তীর্থযাত্রীরা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
মহেশখালীর আদিনাথ মন্দিরে ভিড় জমিয়েছেন তীর্থযাত্রীরা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দিরে সাত দিনব্যাপী শিবচতুর্দশী মেলা গতকাল শুক্রবার শুরু হয়েছে। এরই মধ্যে তীর্থযাত্রীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
গতকাল বিকেলে আদিনাথ মন্দিরে গিয়ে দেখা যায়, ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো তীর্থযাত্রী শিব দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
মেলায় বসানো হয়েছে পাঁচ শতাধিক স্টল। এসব স্টল থেকে পণ্য কেনার জন্য তীর্থযাত্রীদের পাশাপাশি স্থানীয় লোকজনও ভিড় জমিয়েছেন।
জুতার দোকানদার সাতকানিয়ার ব্যবসায়ী রবিউল আলম বলেন, বৃহস্পতিবার থেকে আদিনাথ মন্দিরে তীর্থযাত্রী আসতে শুরু করেছেন। মেলার প্রথম দিনে তীর্থযাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ঢল নেমেছে। তিনি জানান, গত বছরের তুলনায় এবার বেচাকেনা বেশি হচ্ছে।
তীর্থযাত্রীরা জানান, সকালে কক্সবাজার থেকে নৌপথে মহেশখালী আসতে তীর্থযাত্রীদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হয়। চট্টগ্রামের বোয়ালখালী থেকে আসা তীর্থযাত্রী কালী চরণ দে, সুধীর চন্দ্র দে ও নারায়ণ চন্দ্র দে বলেন, কক্সবাজার ঘাটে এসে নৌকার জন্য দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের।
আদিনাথ সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে বলেন, মেলার প্রথম দিনে আদিনাথ মন্দির প্রাঙ্গণে অন্তত ৩০ হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটে। তিনি জানান, তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য কাজ করছেন ১৫০ জন স্বেচ্ছাসেবক।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মেলাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে জানান, বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবারই প্রথম মেলার চারদিকে ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরা বসানো হয়েছে।

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের শিবচতুর্দশী মেলায় ঢল নেমেছে  পুণ্যার্থীদের। গতকাল দুপুরে তোলা ছ​িব l প্রথম আলো
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের শিবচতুর্দশী মেলায় ঢল নেমেছে পুণ্যার্থীদের। গতকাল দুপুরে তোলা ছ​িব l প্রথম আলো


সীতাকুণ্ডে তীর্থযাত্রীদের ঢল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে গতকাল শুরু হয়েছে শিবচতুর্দশী মেলা। তিন দিনের এই মেলার প্রথম দিনে তীর্থযাত্রীদের ঢল নেমেছে।
যশোরের অভয়নগর থেকে মেলায় এসেছেন রুহী সেন। তিনি ট্রেনে করে ঢাকা হয়ে গতকাল সকালে সীতাকুণ্ড স্টেশনে পৌঁছান। তিনি জানান, আজ শনিবার ভোরে ১ হাজার ২০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধামে উঠবেন।
সীতাকুণ্ড থানা সূত্র জানায়, এবারই প্রথম মেলা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে জানান, তীর্থযাত্রীদের সুবিধার্থে আগামী রোববার পর্যন্ত চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস এবং ঢাকামুখী ঢাকা মেইল ট্রেন সীতাকুণ্ড স্টেশনে থামবে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশের ৪০০ সদস্য।