মহেশখালী চ্যানেল থেকে ভাসমান তিন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার তিনটি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশগুলো পচে গলে যাওয়ায় প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও এলাকাবাসী। জানা গেছে, কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলের পশ্চিম পাড়া চর এলাকায় গতকাল দুপুরে একটি ভাসমান লাশ আটকা পড়ে। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে গতকাল বিকেলে ধলঘাটা ইউনিয়নের সরাইতলার হাসের চর এলাকায় ভাসমান দুটি লাশ আটকা পড়ে।ধলঘাটা ইউনিয়নের সুতরিয়ার সাইয়েদুল আলম জানান, চরে আটকা পড়া ভাসমান দুটি লাশের হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় হাসের চরে আরেকটি লাশ আটকা পড়লেও ওই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। শুধু লাশের কঙ্কালটি পড়ে রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ মার্চ রাতে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে জলদস্যুরা একটি ফিশিং বোটের ১২ মাঝিমাল্লাকে পুড়িয়ে হত্যা করে। এ নিয়ে মহেশখালী থানায় হত্যা মামলা করেন ফিশিং বোটের মালিক আব্দুর রহমান। তিনি বলেন, ভাসমান লাশের পরিচয় শনাক্ত করতে ফিশিং বোটের মাঝিমাল্লার আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শওকত হোসেন বলেন, সোনাদিয়া ও ধলঘাটা চ্যানেল থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় আরেকটি লাশ আটকা পড়ার খবর আমাদের কেউ জানায়নি।