মহেশখালী জেটিঘাটে চাঁদাবাজি, হয়রানি
মহেশখালী-কক্সবাজার নৌপথের দুই পাড়ের জেটিঘাটে দফায় দফায় চলছে চাঁদাবাজি। এ ছাড়া ঘাটে নৌযানের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘাট ইজারা দিয়ে সরকার কোটি টাকার রাজস্ব আয় করলেও ঘাটের কোনো সংস্কার করা হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহেশখালী-কক্সবাজার নৌপথের দুই পাড়ে প্রত্যেক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১২ টাকা হারে আদায় করা হচ্ছে। অথচ ভাটার সময় যাত্রীদের বিকল্প নৌকা বা জেটি দিয়ে নৌযানে ওঠার ব্যবস্থা করার কথা থাকলেও ইজারাদার তা করছেন না। ঘাটের এসব অনিয়ম ও যাত্রীদের হয়রানির বিষয়ে কেউ প্রতিবাদ করলে ইজারাদারের লোকজন তাদের নাজেহাল করে বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রী পারাপারে মহেশখালী জেটিঘাটটি চলতি বছর এক কোটি ২৯ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। ইজারার চুক্তি অনুযায়ী, ইজারাদার অনুমোদিত টোল ছাড়া অন্য কোনো টাকা আদায় করতে পারবেন না। সকাল সাড়ে সাতটা থেকে সকাল ১০টা এবং বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আধঘণ্টা পর পর নৌযানের ব্যবস্থা করবেন এবং অন্য সময় এক ঘণ্টা পর পর নৌযান ছাড়ার ব্যবস্থা করবেন ইজারাদার। এ ছাড়া ভাটার সময় যাত্রীদের নৌযানে ওঠার জন্য বিকল্প নৌকা ও জেটির ব্যবস্থা করবেন। সেখানে অন্য লোক দিয়ে নৌযানের টোল আদায় করতে পারবেন না। কিন্তু এসব নিয়ম মানা হয় না। ইজারাদার ভাটার সময় যাত্রী ওঠানো-নামানোর জন্য বিকল্প কোনো ব্যবস্থা না করায় অতিরিক্ত চাঁদা দিয়ে যাত্রীদের উঠতে-নামতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, মহেশখালী জেটিঘাটে ভাটার সময় নৌকা দিয়ে নৌযানে ওঠার জন্য প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১০ টাকা এবং নামার সময় একই হারে চাঁদা আদায় করা হচ্ছে। কেউ টাকা দিতে না চাইলে তাকে হাঁটু সমান কাদার ওপর দিয়ে হেঁটে আসতে হয়। কক্সবাজার কস্তুরাঘাটে ভাটার সময় যাত্রীদের কাছ থেকে দুই টাকা করে আদায় করা হয়।ঢাকা থেকে আসা পর্যটক কামাল হোসেন জানান, কক্সবাজার থেকে মহেশখালী আসার সময় প্রথমে কস্তুরাঘাটে দুই টাকা দেওয়ার পর নৌযানে ওঠার সময় অতিরিক্ত দুই টাকা চাঁদা দিতে হয়েছে। পরে মহেশখালী ঘাটে এসে ভাটার সময় ঘাটে ওঠার জন্য প্রথমে ছোট নৌকায় ১০ টাকা চাঁদা দিতে হয়েছে। মহেশখালী থেকে কক্সবাজার আসার পথে একই হারে চাঁদা দিতে হয়েছে।মহেশখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আনোয়ার পাশা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নৌ-রুটে ইজারাদার নিজের ইচ্ছামতো ঘাট পরিচালনা করায় যাত্রীসাধারণ ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন যাত্রীদের হয়রানি ও চাঁদাবাজির সত্যতা নিশ্চিত করেছেন।