মহেশখালী থানা পুকুর পাড়ের আটটি দোকান উচ্ছেদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থানা মসজিদের পুকুরপাড়ে অবৈধভাবে নির্মিত আটটি দোকান উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর গত শনিবার এ নির্দেশ দেন।মহেশখালী থানা সূত্র জানায়, প্রায় তিন বছর আগে এই দোকানগুলো নির্মাণ করা হয়। এর পর থেকে প্রতিনিয়ত এখান থেকে আবর্জনা ফেলায় মসজিদের পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে। শনিবার সকালে পুলিশ সুপার সেলিম মহেশখালী থানা পরিদর্শনে আসেন। এ সময় তিনি সরকারি জায়গায় ব্যক্তি-মালিকানাধীন দোকানগুলো দেখে তাৎক্ষণিকভাবে তা উচ্ছেদের নির্দেশ দেন।এদিকে দোকানের মালিকেরা জানান, মসজিদের তহবিলে ২০ হাজার টাকা করে জমা দিয়ে দোকানঘরগুলো তাঁরা নির্মাণ করেছেন। একটি দোকানের মালিক আবদুল জব্বার বলেন, ‘এককালীন ২০ হাজার টাকা জমা দিয়ে এখানে দোকান করেছি। এক বছর যেতে না যেতেই উচ্ছেদ করা হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, অচিরেই দোকানগুলো উচ্ছেদ করা হবে।