মহেশখালী পাহাড় ধসে শ্রমিক নিহত
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে পড়ে আহমদ কবির (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও পাঁচ শ্রমিক। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দারা জানান, উপজেলার হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনার একটি সিন্ডিকেট রাতের আঁধারে পাহাড় কেটে তা ট্রাকে ভর্তি করে বাইরে বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাত ১১টায় ডেইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পাহাড় কাটার সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে ছয়জন শ্রমিক মাটিচাপা পড়েন। ঘটনাস্থলেই আহমদ কবির নিহত হন। আহত শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাঁদের মাটির নিচ থেকে উদ্ধার করে। আহত শ্রমিকেরা হলেন বাদশাহ মিয়া (২৫), মোহাম্মদ মজনু (২২), মোহাম্মদ আনচার (৩০), মোহাম্মদ কালা (৪০) ও মোহাম্মদ করিম (২২)।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, পাহাড় কাটা প্রতিরোধকল্পে এলাকায় একাধিকবার মাইকিং করা হয়েছে।