মহেশখালী রক্ষায় বনায়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগ থেকে কক্সবাজারের মহেশখালী দ্বীপকে রক্ষার জন্য বনায়ন অত্যন্ত জরুরি। গতকাল রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া। ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, দুর্যোগ থেকে রক্ষার জন্য মহেশখালী দ্বীপের চারপাশে প্রায় ১০ হাজার একর জমিতে বনায়ন করা হয়। কিন্তু স্থানীয় ভূমিদস্যুরা চিংড়িঘের করার নামে গত ১০ বছরে প্রায় পাঁচ হাজার একর বন উজাড় করে ফেলেছে। মানুষের জানমাল রক্ষায় এ দ্বীপে বনায়ন করা এখন সময়ের দাবি।উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, হুমকির মুখে রয়েছে মহেশখালী দ্বীপ। ইতিমধ্যে উপকূলীয় দ্বীপ ধলঘাটা ও মাতারবাড়ীর ১২ কিলোমিটার বেড়িবাঁধ বিভিন্ন সময়ে দুর্যোগের কবলে পড়ে ভেঙে গেছে। সাগরগর্ভে বসতবাড়ি বিলীন হওয়ায় গৃহহারা হয়ে পড়েছে মহেশখালীর প্রায় ৫০ হাজার মানুষ। তিনি বলেন, টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি বনায়ন করতে হবে। সাংবাদিক আমিনুল হকের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিব উল্লাহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আবু তালেব, শিক্ষক লিয়াকত আলী, এনজিও কর্মকর্তা আবদুল কাইয়ুম, মোহাম্মদ গাউহার উদ্দিন প্রমুখ। সেমিনারের আগে পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।