মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেপ্তার ১
কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি বনে আবারও দেশীয় প্রযুক্তিতে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়ার পাহাড়ের গহিন বনে স্থাপিত ওই কারখানায় অভিযান চালায়। পুলিশ কারখানাটি গুঁড়িয়ে দিয়ে গ্রেপ্তার করে অস্ত্র তৈরির কারিগর আবদুস সালামকে (২৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্র তৈরির কারিগরসহ অন্য সদস্যরা। এ সময় পুলিশ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একটি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ড্রিল মেশিন, হেক্সো ব্লেড, লোহার নল, কাঠের বাঁট, প্লাস, স্প্রিং ও টিগার।এর আগে গত ৮ ফেব্রুয়ারি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব পাহাড়ি এলাকায় পুলিশ অস্ত্র তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দেয় এবং দুজনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি করে ব্যবসায়ীরা বাইরে পাচার করছে। গত তিন বছরে পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্রের কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ বেশ কয়েকজন কারিগরকে আটক করা হয়। এর পরও পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা বন্ধ হয়নি।মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল আনোয়ার জানান, পাহাড়ের বিভিন্ন স্থানে অস্ত্র তৈরির আরও কারখানা আছে, সেগুলো উচ্ছেদের চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, অস্ত্র তৈরির কারিগর আবদুস সালামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।