মহেশখালীতে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি দোকান ও টেইলারিংসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজারের আনসার হোসেনের মালিকানাধীন টেইলারিংয়ের দোকানের ভেতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেও কোনো কাজ হয়নি।প্রত্যক্ষদর্শী স্থানীয় ঠিকাদার মোহামঞ্চদ ইছাহাক বলেন, আগুন নেভাতে গিয়ে ১৫ জন এলাকাবাসী আহত হন। পরে এদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে ১৪টি দোকানের অন্তত এক কোটি টাকার বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।