মহেশখালীতে অগ্নিকাণ্ডে ১৮ বাড়ি ও দোকান ভস্মীভূত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গোরকঘাটা বাজারে গত বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮টি বসতবাড়ি ও দোকান ভস্মীভূত হয়েছে। এতে ৫৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পৌর এলাকার গোরকঘাটা বাজারের পশ্চিম পাশে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সুকুমারের চায়ের দোকানের চুল্লি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। প্রায় দেড় ঘণ্টা ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের পাশে জলদাসপাড়ার আটটি বসতবাড়ি ও বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পল্লি চিকিৎসক নেছার আহমদ বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বসতবাড়ির মালিকদের অন্তত ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।