মহেশখালীতে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ রশিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার গভীর রাতে চিংড়িঘের দখলের প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া করে একটি দেশীয় এলজি ও দুটি কার্তুজসহ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুর রশিদ ওরফে রশিদ্যাকে (৩০) গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে আলোচিত পুলিশ কর্মকর্তা পরেশ কার্বারি হত্যা মামলাসহ আরও আটটি মামলা রয়েছে। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, রাত একটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার পশ্চিমে একটি চিংড়িঘের দখল করার জন্য সন্ত্রাসী রশিদ তার লোকজন নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। পরে এ খবর পেয়ে পুলিশ ওই এলাকা গিয়ে রশিদকে ধাওয়া করে। পরে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গতকাল শুক্রবার সকালে থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়।