মহেশখালীতে আগুনে পুড়েছে ১৩ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাটে গতকাল বুধবার সকালে অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দুজন সামান্য আহত হন।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানান, গতকাল সকালে দক্ষিণ রাজঘাটের মোহাম্মদ আনসারের রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৩টি বসতঘর, দুটি মুদির দোকান, একটি ওয়ার্কশপ ও একটি ক্রোকারিজের দোকান পুড়ে যায়। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ওয়াজ উদ্দিন ও শারমিন আকতার নামের দুজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চেয়ারম্যান জানান, মঙ্গলবার রাতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ রাজঘাটের বাসিন্দা আমির হোছাইন ও আবদুল আজিজের বসতঘর পুড়ে যায়।
গতকাল বিকেলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে চারটি করে কম্বল, এক বান্ডিল ঢেউটিন ও দুই হাজার টাকা করে বিতরণ করেন।
ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।